পথে দুর্ভোগ নিয়েও ঢাকায় ফিরছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী মানুষ ফেরিতে উঠছেন। মঙ্গলবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে
প্রথম আলো

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাকে আশপাশের সাত জেলা থেকে বিচ্ছিন্ন রাখতে চলছে কঠোর বিধিনিষেধ। এরপরও দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকামুখী মানুষকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আসতে দেখা যাচ্ছে। বিধিনিষেধের প্রথম দিন আজ মঙ্গলবার। সবার ধারণা, এই বিধিনিষেধ আগামী ঈদ পর্যন্ত গিয়ে ঠেকতে পারে। এ আশঙ্কায় অনেকে কষ্ট হলেও ঢাকায় ফেরার জন্য ছুটছেন।

ঘাটে পৌঁছে মানুষ স্বাভাবিকভাবে ফেরিতে নদী পার হতে পারছেন। তবে এ জন্য সবাইকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। সেই সঙ্গে বাড়ি থেকে ফেরিঘাট পর্যন্ত পথ আসতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আজ সকালে দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, মাহিন্দ্র, অটোরিকশায় করে দৌলতদিয়া ঘাটে এসে নামছেন। প্রতিটি ঘাটেই ছিল ফেরি। ঘাটে নেমেই সরাসরি ফেরিতে উঠতে এসব মানুষকে কোনো বেগ পেতে হচ্ছে না।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ভাটপাড়া থেকে নবীনগর যাচ্ছিলেন পোশাকশ্রমিক ওহিদুল ইসলাম। সঙ্গে কোলের সন্তান, স্ত্রী ও মা। সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা ঘাটে পৌঁছান। দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে পৌঁছানোর পর আলাপকালে ওহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী বলেন, তাঁরা দুজনই নবীনগর একটি পোশাক কারখানায় কাজ করেন। বাড়িতে কেবল মা থাকেন। তাই গত রোববার দুজন ছুটি নিয়ে গ্রামের বাড়ি যান। এ সপ্তাহে বাড়ি থাকার কথা ছিল। রাতে নতুন বিধিনিষেধের কথা শুনে আর থাকতে পারেননি। কষ্ট হলেও মাকে সঙ্গে নিয়ে খুব সকালে রওনা করেছেন। ওহিদুল বলেন, ‘এখন ঘাট পর্যন্ত তো আসতে পারলাম। নদী পাড়ি দিয়ে পাটুরিয়া থেকে কীভাবে নবীনগর যাব, সে চিন্তা করছি।’ তবে ঘাট পর্যন্ত আসতে তাঁদের দ্বিগুণ ভাড়া দিয়ে আসতে হয়েছে।

সবার ধারণা, এই বিধিনিষেধ আগামী ঈদ পর্যন্ত গিয়ে ঠেকতে পারে। এ আশঙ্কায় অনেকে কষ্ট হলেও ঢাকায় ফেরার জন্য ছুটছেন।

বোয়ালমারী থেকে এসেছেন জোনাকি আক্তার, পাখি আক্তার ও শম্পা আক্তার নামে তিন বোন। সকাল ১০টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে আলাপকালে জোনাকি আক্তার বলেন, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সদরে। তিন বোনের স্বামীই নারায়ণগঞ্জ পোশাক কারখানায় কাজ করেন। জোনাকি ননদের মেয়ের বিয়ের দাওয়াত খেতে গত বুধবার শ্বশুরবাড়ি বোয়ালমারীর সাতৈর গ্রামে যান। আগামী বৃহস্পতিবার তাঁদের ফেরার কথা ছিল। সোমবার রাতে ঢাকার সঙ্গে সাত জেলার যোগাযোগ বন্ধের খবর শুনে মহাবিপাকে পড়েন। তাঁদের সঙ্গে স্বামীরা নেই। তাঁরা বিয়ের অনুষ্ঠান শেষে গত শনিবার ফিরে গেছেন। এখন উপায় না পেয়ে তিন বোন মিলেই খুব সকালে রওনা করেছেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী মানুষ ফেরিতে উঠছেন। মঙ্গলবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে
প্রথম আলো

তিন বোনের প্রত্যেকের কোলে রয়েছে একটি করে শিশুসন্তান। একদিকে লাগেজ, সঙ্গে ছোট বাচ্চা নিয়ে দূরের পথে রওনা করেছেন অনেকটা ঝুঁকি নিয়ে। তাঁরা বলেন, উপায় নেই। সরকার কঠোর বিধিনিষেধ বলেন, লকডাউন বলেন করেছে। এই বিধিনিষেধ মনে হয় না আগামী ঈদের আগে ছাড়বে। পরে যদি আরও বেশি ঝামেলা হয়, এই চিন্তা থেকে আজই ফিরছেন। প্রথম দিন হয়তো একটু কম ঝামেলা হবে, এটা ভেবে দেরি না করে সকালেই সবাই রওনা করেছেন। এখন নদী পাড়ি দিয়ে যেভাবেই হোক ভেঙে ভেঙে যেতে হবে। এ জন্য ভাড়া দিতে হয়েছে দ্বিগুণ। ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতেই প্রত্যেকের ১০০ টাকা করে ভাড়া লেগেছে।

এদিকে ঢাকায় আটকা পড়া মানুষও ছুটছেন বাড়িতে। ঘাটে আসা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা ষাটোর্ধ্ব এক ব্যক্তি বলেন, গত সপ্তাহে স্ত্রীর চিকিৎসা করানোর জন্য ঢাকায় গিয়েছিলেন। চিকিৎসক দেখানো শেষ করে বিধিনিষেধের কথা শুনে মঙ্গলবার সকালেই ঢাকার মোহাম্মদপুর থেকে রওনা করেছেন। গাবতলী থেকে কোনো যানবাহন না পেয়ে জনপ্রতি ৫০০ টাকা করে ভাড়া দিয়ে প্রাইভেট কারে পাটুরিয়া ঘাটে এসে পৌঁছেছেন।

সরকার ঘোষিত বিধিনিষেধের আওতায় থাকা সাত জেলা হলো মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। এসব জেলায় ঢাকা থেকে দূরপাল্লার বাস চলবে না। দূরের যাত্রার ট্রেন চললেও এই সাত জেলায় থামবে না। ঢাকা থেকে যাত্রীবাহী নৌযানও চলবে না। এর ফলে ৯ দিন কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে রাজধানী।