পথের ধারে আহা রে জীবন
মহাসড়ক ধরে দিন–রাত হাজারো মানুষ তাদের গন্তব্যে যাচ্ছে। কিন্তু পরিচয়হীন ওই বৃদ্ধার জগৎ থেমে আছে শুধু সড়কের ধারের একটি ছাউনিতে। গ্রামের অনেকের মধ্যে ধারণা জন্মেছে, করোনা মহামারির মধ্যে হয়তো স্বজনেরা তাঁকে ফেলে রেখে গেছেন।
বয়স আশির কোঠায়। শরীর নুয়ে পড়েছে। কথা বলেন না, সারাক্ষণ চুপচাপ। কাউকে দেখলেই অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে থাকেন। দেখে মনে হয় জীবনের শেষবেলায় এসে খুঁজে ফিরছেন আপনজনদের। কথা না বলায় নাম–পরিচয় জানা যায়নি। তবে পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের মালিগাছা গ্রামে পাবনা–ঈশ্বরদী মহাসড়ক ধরে আসা–যাওয়ার সময় সড়কের পাশে তাঁর দেখে মেলে।
মহাসড়ক ধরে দিন–রাত হাজারো মানুষ তাদের গন্তব্যে যাচ্ছে। কিন্তু পরিচয়হীন ওই বৃদ্ধার জগৎ থেমে আছে শুধু সড়কের ধারের একটি ছাউনিতে। মহাসড়কের আশপাশের বাসিন্দারা কেউ জানেন না ওই বৃদ্ধা কোথা থেকে এসেছেন বা কীভাবে এসেছেন। গ্রামের অনেকের মধ্যে ধারণা জন্মেছে, করোনা মহামারির মধ্যে হয়তো স্বজনেরা তাঁকে ফেলে রেখে গেছেন। এমন ধারণা থেকে অনেকে বৃদ্ধাকে তিনবেলা খাবার দিচ্ছেন। গ্রামের তরুণেরা থাকার জন্য বাঁশ আর প্লাস্টিকের বস্তা দিয়ে ছাউনি করে দিয়েছেন। সে ছাউনিই এখন ওই বৃদ্ধার থাকা, খাওয়া, ঘুমানোর ঘর।
গত রোববার ওই পথে যাওয়ার সময় কথা হলো মালিগাছা গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে। তাঁরা জানালেন, বৃদ্ধা তাঁদের ও আশপাশের কোনো গ্রামের বাসিন্দা নন। কেউ তাঁকে চেনেন না। প্রায় দেড় মাস আগের এক ভোরে হঠাৎ করে মহাসড়কের পাশে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। তিনি চলাফেরা করতে পারেন না। ফলে একই স্থানে মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন। বিষয়টি দেখে এগিয়ে আসেন কয়েকজন গ্রামবাসী। বৃদ্ধা একেবারে জীবন সায়হ্নে পৌঁছেছেন। এই সময়ে নিজে থেকে কিছু করতে পারেন না।
গ্রামের বাসিন্দাদের ধারণা, বর্তমানে করোনাভাইরাসের আতঙ্ক আছে। ফলে স্বজনেরাই হয়তো বিরক্ত হয়ে তাঁকে রাস্তার পাশে ফেলে গেছেন। কিন্তু গ্রামের মানুষ চোখের সামনে বৃদ্ধার অসহায়ত্ব সহ্য করতে পারেননি। যখন যে সুযোগ পাচ্ছেন এসে বৃদ্ধার খোঁজ নিচ্ছেন। খাবার ও পানি সরবরাহ থেকে শুরু করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করে দিচ্ছেন।
স্থানীয় বাসিন্দা ও মুক্তিযোদ্ধা আবদুল জব্বার জানান, বৃদ্ধার ওই করুণ দশা দেখার পর তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা-পুলিশ ও স্থানীয় কিছু সংগঠনকে জানান। পরে স্থানীয় একটি মানবাধিকার সংগঠন ও জেলা পুলিশের একটি দল এসে বৃদ্ধাকে দেখে গেছে।
বৃদ্ধাকে উদ্ধার করে রাজশাহী সেফ হোমে পাঠানোর কথা ভাবছেন জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, ‘খবর পেয়ে জেলা সমাজসেবা কার্যালয়কে জানিয়েছি।’ আর জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা পল্লব ইবনে শায়েখ বলেন, ‘বৃদ্ধাকে দেখে এসেছি। দ্রুত তাঁকে উদ্ধার করে আদালতের মাধ্যমে রাজশাহী সেফ হোমে পাঠানো হবে।’