সিলেটে স্বেচ্ছাসেবক দল
পদত্যাগ ঠেকাতে এবার সব কমিটি বিলুপ্ত
পদত্যাগ ঠেকাতে কমিটি বিলুপ্ত করা হয়েছে, সে বিষয়টি মানতে নারাজ নেতারা। তাঁরা বলেন, দল পুনর্গঠনে কমিটি বিলুপ্ত করা হয়েছে।
সিলেটে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সব শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার জেলা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। নেতা-কর্মীরা বলছেন, নেতাদের পদত্যাগ ঠেকাতে এ ঘোষণা দেওয়া হয়েছে।
জেলার ১৩টি উপজেলা, ৪টি পৌর কমিটি ও মহানগরের ৬টি থানাসহ ২৭টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়। স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক আবদুল আহাদ খান ও মহানগরের আহ্বায়ক আবদুল ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, দল পুনর্গঠনে কমিটি বিলুপ্ত করা হয়েছে। তাঁরা দ্রুত সব ইউনিটের নতুন কমিটি গঠনের কাজ শুরু করবেন। মূলত চলতি মাস থেকে জোরেশোরে কাজ শুরু হয়েছে।
দলীয় সূত্র জানায়, ১৭ আগস্ট কেন্দ্র থেকে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল আহাদ খানকে আহ্বায়ক ও দেওয়ান জাকির হোসেন খানকে সদস্যসচিব করে জেলা কমিটি এবং আবদুল ওয়াহিদকে আহ্বায়ক ও আজিজুল হোসেনকে সদস্যসচিব করে মহানগর কমিটি ঘোষণা করা হয়। ৬১ সদস্যবিশিষ্ট দুটি কমিটির মোট সদস্য ১২২ জন।
এদিকে দুটি কমিটিতে ‘ত্যাগী নেতারা’ স্থান পাননি অভিযোগ তুলে বিএনপির কেন্দ্রীয় সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সামসুজ্জামান পদত্যাগ করেন। ১৮ আগস্ট সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর ঘনিষ্ঠ হিসেবে সিলেটের রাজনীতিতে পরিচিত সামসুজ্জামান। এর আগে তিনি সিলেট জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি পদে ছিলেন। বিএনপির স্থানীয় রাজনীতিতে তাঁর একটি শক্তিশালী বলয় (জামান গ্রুপ) রয়েছে। এই বলয়টি নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর অনুসারী হিসেবে সিলেটে পরিচিত।
কর্মীরা আরও বলেন, সামসুজ্জামানের পদত্যাগ ঘোষণার পর ২১ আগস্ট স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে থাকা ১১ জন পদত্যাগ করেন। ২৩ আগস্ট জাতীয়তাবাদী তাঁতী দলের মহানগর সভাপতি ফয়েজ আহমদ দৌলত, সাধারণ সম্পাদক শওকত আলী ও সাংগঠনিক সম্পাদক আবদুল গফফার পদত্যাগ করেন। ২৫ আগস্ট স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন উপজেলা কমিটির ১৫০ জন নেতা একযোগে পদত্যাগ করেন। এর দুদিন পর মহানগরের বিভিন্ন পদে থাকা আরও ৪৯ নেতা সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন। গণপদত্যাগ ঠেকাতে এসব কমিটি বিলুপ্ত করা হয়।
তবে পদত্যাগ ঠেকাতে কমিটি বিলুপ্ত করা হয়েছে, সে বিষয়টি মানতে নারাজ নেতারা। জেলার আহ্বায়ক আবদুল আহাদ খান বলেন, যাঁরা ক্ষোভে পদত্যাগ করেছেন বলে প্রচার করছেন, তাঁরা আসলে সাংগঠনিক বিধি অনুসরণ করেননি। তাঁরা সবাইকে নিয়ে দল সাজাতে চান।