কুলিয়ারচর বিএনপির সম্মেলন
পদপ্রত্যাশীদের বিশ্বাসে নেতা
নেতা বলতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে বোঝানো হয়েছে।
দেড় যুগ ধরে তিনি ভৈরব ও কুলিয়ারচরে বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন।
নুরুল মিল্লাত কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির সদস্যসচিব। সাধারণ সম্পাদক হিসেবে দলের নেতৃত্বে ছিলেন প্রায় ২০ বছর। আজ শনিবার দলটির উপজেলা ও পৌর কমিটির সম্মেলন। এবার তিনি সভাপতি হতে আগ্রহী। তবে চাওয়ার বিষয়ে মুখ ফুটে বেশি কিছু বলতেন না। কারণ তাঁর বিশ্বাস, এই পদে তিনি যোগ্য কি না, নেতাই ভালো জানেন।
কথা বলে জানা গেছে, শুধু নুরুল মিল্লাত একা নন, দুই কমিটির পদপ্রত্যাশীর প্রায় সবাই ‘নেতা জানে’ নীতির মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছেন। সাধারণ কর্মী-সমর্থকদের বিশ্বাসও আটকে আছে একই জায়গায়।
সম্মেলন হবে কুলিয়ারচর সরকারি পাইলট হাইস্কুল মাঠে। প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ।
নেতা বলতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় পর্ষদের সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলমকে বোঝানো হয়েছে। তাঁর বাড়ি কুলিয়ারচর। তিনি কিশোরগঞ্জ-৬ আসন থেকে টানা তিনবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করে হেরে যান। দেড় যুগ ধরে তিনি এই সংসদীয় আসনের দুই উপজেলা ভৈরব ও কুলিয়ারচরে বিএনপির রাজনীতিতে এককভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। শুধু তা–ই নয়, দল পরিচালনায় আর্থিক জোগানের বড় অংশের ব্যয় তাঁর পকেট থেকে যায়।
পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম। বিভিন্ন পদে তাঁর পৌর বিএনপির নেতৃত্বের বয়স ৩৫ বছর। এবারও তিনি একই পদে থাকতে আগ্রহী। তবে এ ক্ষেত্রে তাঁর ভাষ্য ‘আমার নেতা চাইলে থাকব, না চাইলে বিদায়।’
দলীয় সূত্র জানায়, কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল ছয় বছর আগে। তখন উপজেলা বিএনপির সভাপতি ছিলেন শরীফুল আলম। সাধারণ সম্পাদক নুরুল মিল্লাত। কুলিয়ারচর বিএনপির সভাপতি থাকা অবস্থায় শরীফুল আলম জেলা বিএনপির সভাপতি হন। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদকের পদটিও পান। ফলে তিনি নিজ উপজেলার সভাপতির পদটি ছেড়ে দেন। ওই পদে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ সহসভাপতি মশিউর রহমানকে। ছয় মাস আগে দুই কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি করা হয়। উপজেলা কমিটির আহ্বায়ক হন মশিউর রহমান, আর সদস্যসচিব নুরুল মিল্লাত।
সম্মেলন হবে কুলিয়ারচর সরকারি পাইলট হাইস্কুল মাঠে। বেলা দুইটায় উদ্বোধন করবেন শরীফুল আলম। প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ।
নেতা-কর্মীরা বলেন, সম্মেলন ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে গতি ফিরেছে। নেতৃত্ব প্রতিষ্ঠায় তৃণমূলের মতামত গুরুত্ব পাবে কি না, নাকি অতীতের মতো ‘নেতা জানে’ নীতি বাস্তবায়ন হবে—তাঁদের মূল আলোচ্য এখন এটিই।
সৈয়দ রফিকুল ইসলাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি ছিলেন ’৯০–এর গণ–আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তুখোড় নেতা। এবার তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ পেতে ইচ্ছুক। এ ক্ষেত্রে তাঁর ভাষ্য, ইচ্ছা পূরণ হবে কি না, ‘নেতা জানে’। নেতা-কর্মীরা জানান, উপজেলা বিএনপির সভাপতি পদে এখন পর্যন্ত প্রার্থী দুজন। তাঁরা হলেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব।
আহ্বায়ক মশিউর রহমান নিজের প্রার্থিতার বিষয়ে বলেন, ‘আমি কখনো নিজেকে নিয়ে ভাবি না। দল বিশেষ করে নেতা যেভাবে ভাববে আলহামদুলিল্লাহ।’ সাধারণ সম্পাদক পদে তিনজনের নাম সর্বত্র উচ্চারিত হচ্ছে। তাঁরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান, সৈয়দ রফিকুল ইসলাম, সালাহ উদ্দিন খান।
নিজের প্রার্থিতার বিষয়ে প্রশ্ন রাখতেই সালাহ উদ্দিন খান বলে ওঠেন, নেতার সঙ্গে কথা হয়েছে। এরপর তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
পৌর বিএনপির সভাপতি পদে আহ্বায়ক রফিকুল ইসলাম ছাড়াও সদস্যসচিব শাহাদাৎ হোসেন শাহ আলমের নাম শোনা যাচ্ছে। তবে এই কমিটির সম্পাদক পদে এখন পর্যন্ত প্রকাশ্যে কারও নাম শোনা যায়নি। নেতা-কর্মীদের ধারণা, রফিকুলকে সভাপতি ও সদস্যসচিব শাহাদাৎকে সম্পাদক পদে রেখে পৌর কমিটি গঠন হতে পারে।
‘নেতা জানে’ নীতি নেতৃত্ব বিকাশে কতটা সাংগঠনিক, এমন প্রশ্নে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম জানালেন, নেতা-কর্মীদের এমন বিশ্বাস চাপিয়ে দেওয়া নয়, তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক অর্জন। দলের ক্ষতি হয়েছে, এমন কোনো কাজ হয়নি বলেই নেতা জানে নীতিটির ওপর তাঁদের যত আস্থা।