পদায়নের দাবিতে রাবি প্রশাসন ভবনে নিয়োগ পাওয়া ব্যক্তিদের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের শেষ কার্যদিবসে বিতর্কিতভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা কর্মস্থলে পদায়নের দাবিতে প্রশাসন ভবনে অবস্থান নিয়েছেন। আজ সোমবার বেলা একটায় উপাচার্যের সম্মেলন কক্ষে
ছবি: তাপস কুমার সরকার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিদায়ী ভিসির শেষ কার্যদিবসে বিতর্কিতভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা কর্মস্থলে পদায়নের দাবিতে প্রশাসন ভবনে অবস্থান নিয়েছেন। আজ সোমবার বেলা একটায় উপাচার্যের সম্মেলনকক্ষে তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেন এবং পদায়ন না হওয়া পর্যন্ত অবস্থানের ঘোষণা দিয়ে বসে পড়েন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে অর্ধশতাধিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ক্যাম্পাসে আসেন। বেলা ১১টায় উপাচার্যের সম্মেলনকক্ষে ডিনদের সঙ্গে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমার সাহাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি সভায় বসেন। মিনিট দশেক পরে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা সম্মেলনকক্ষ থেকে ডিনদের চলে যেতে বলেন।

আরও পড়ুন

ডিনরা চলে গেলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা সেখানে ঢুকে পড়েন। এতে ১৫-২০ মিনিটের জন্য উপাচার্যসহ অন্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। এরপর দুই পক্ষ কিছুক্ষণ আলোচনা করে। দুপুর ১২টার দিকে সহ-উপাচার্যের দপ্তরে অধ্যাপক আনন্দ কুমার সাহা, সহ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, প্রক্টর লিয়াকত আলী প্রমুখ আলোচনায় বসেন।

আরও পড়ুন

বেলা একটায় উপাচার্যের সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা আলোচনায় বসেন। বিশ্ববিদ্যালয়ের স্থগিতাদেশ তুলে নিয়ে তাঁদের পদায়নের দাবি জানান তাঁরা। বেলা দেড়টার সময় তাঁরা পদায়নের দাবিতে মাটিতে বসে পড়েন।
এ বিষয়ে নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি আতিকুর রহমান বলেন, তিনি (উপাচার্য) কখনো বলেন শিক্ষা মন্ত্রণালয়, কখনো বলেন, তদন্ত কমিটির কথায় স্থগিতাদেশ দিয়েছেন। কিন্তু তিনি কোনো লিখিত ডকুমেন্ট দেখাতে পারেননি। উপাচার্য আনন্দ কুমার সাহা নিজে উৎসাহী হয়ে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের সব কর্মকাণ্ডে স্থগিতাদেশ দিয়েছেন।

আরও পড়ুন

আলোচনাকালে উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, শিক্ষা মন্ত্রণালয় এটাকে অবৈধ বলে তদন্ত কমিটি গঠন করেছে। এ ছাড়া নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আছে। মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা ছাড়া তিনি পদায়ন করতে পারেন না।

৬ মে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের শেষ কর্মদিবসে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে ১৩৮ জনকে ‘অ্যাডহক’ (অস্থায়ী) ভিত্তিতে নিয়োগ দেন। পরে তিনি পুলিশি পাহারায় উপাচার্যের বাসভবন ছাড়েন। এ নিয়োগকে কেন্দ্র করে ওই দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজশাহী মহানগর ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের সংঘর্ষও হয়। একই দিনে ওই নিয়োগকে অবৈধ ঘোষণা করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন