পদ্মা নদীতে ভাসছিল কিশোরের মরদেহ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদী থেকে ১২ থেকে ১৩ বছরের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত একটার দিকে উপজেলার সুলতানগঞ্জ এলাকার গাঙবাড়ি গ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এই কিশোরের নাম-পরিচয় পুলিশ জানতে পারেনি।
পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার রাতে পদ্মা নদীতে চলাচলকারী স্থানীয় ব্যক্তিরা ওই কিশোরের লাশ নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে পদ্মা নদী থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। লাশ বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি। কিশোরের পরনে ছিল শুধু একটি হাফ প্যান্ট। প্রাথমিক সুরতহালে পুলিশ জানিয়েছে, কিশোরটি কমপক্ষে দুই থেকে তিন দিন আগে মারা গেছে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বলেন, কিশোর পানিতে পড়ে ডুবে মারা যেতে পারে, কেউ হত্যা করে নদীতে ফেলে দিয়ে যেতে পারে অথবা অন্য কোনো এলাকা থেকে ভেসে আসতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।