পদ্মা-যমুনার মোহনায় জেলের জালে উঠল ২০ কেজির পাঙাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিলামের মাধ্যমে ২৫ হাজার টাকায় স্থানীয় এক মাছ ব্যবসায়ী মাছটি কিনে নেন
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ২০ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার ভোরে স্থানীয় জেলে আবদুস সালাম প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে। পরে নিলামের মাধ্যমে ২৫ হাজার টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি কিনে নেন।

ব্যবসায়ী শাহজাহান শেখ প্রথম আলোকে বলেন, ‘বেশ কিছুদিন পর ফেরি ঘাটের অদূরে পদ্মা-যমুনা নদীর মোহনায় বড় ধরনের পাঙাশ ধরা পড়েছে। আজ সকালে বাজারে গিয়েই রওশন শেখের আড়তঘরে মাছটি দেখে নিলামে অংশ নেই। এ সময় সর্বোচ্চ দরদাতা হিসেবে ওই আড়ত থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকায় মাছটি কিনি। পরে সকাল ১০টার দিকে ঢাকার এক ব্যবসায়ী ফেরি ঘাট দিয়ে যাওয়ার পথে মাছটি দেখে পছন্দ করেন। তিনি ২৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।’

জেলে আবদুস সালাম প্রামাণিক বলেন, গতকাল সোমবার দিবাগত রাতে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান তিনিসহ কয়েকজন। রাতে ছোট এক-দুটি মাছ পেলেও বড় মাছ না পাওয়ায় সবাই হতাশ হন। ভোররাতের দিকে ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় শেষবারের মতো জাল ফেলেন তিনি। এ সময় উঠে আসে বড় আকারের পাঙাশ মাছটি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান প্রথম আলোকে বলেন, মিঠা পানির এমন সুস্বাদু বড় পাঙাশ মাছ নদীতে এখন কমই দেখা যায়। এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে বংশবৃদ্ধিসহ আরও বেশি মাছ পাওয়া যেত বলে তিনি জানান।