পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে মাদারীপুরে উৎসবের আমেজ
আগামী শনিবার পদ্মা সেতুর উদ্বোধন শেষে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ফেরিঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন ঘিরে মাদারীপুরবাসীর মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
জনসভা উপলক্ষে পদ্মা সেতুর আদলে মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে। এ ছাড়া আয়োজনকে ঘিরে আগত দর্শনার্থীদের জন্য ৪০ শয্যাবিশিষ্ট তিনটি অস্থায়ী হাসপাতাল, সাড়ে পাঁচ শতাধিক শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। নদীপথে জনসভাস্থলে আসার জন্য বাংলাবাজার ঘাটে নির্মাণ করা হচ্ছে ১৫টি অস্থায়ী ঘাট।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে অনমনীয় ভূমিকা রাখায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মাদারীপুরে রাস্তায় রাস্তায় তোরণ, ফেস্টুন ও ব্যানার টাঙিয়েছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
জেলা আওয়ামী লীগের সূত্র জানায়, পদ্মা সেতু উদ্বোধন ও প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে জেলার ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আলাদা পরিবহনব্যবস্থা রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার মধ্যরাত থেকে এই যাত্রা শুরু হবে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মাদারীপুরবাসী প্রস্তুত উল্লেখ করে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচরে আসবেন। জনসভায় ভাষণ দেবেন। তাঁর আগমন ঘিরে দলীয় নেতা-কর্মীরা ও মাদারীপুরের সাধারণ জনগণের মধ্যে খুশির জোয়ার বইছে।
প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে দলে দলে মানুষ যাবেন। আমরা ধারণা করছি, ১০ লাখের বেশি মানুষের জমায়েত হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে সব শ্রেণির মানুষের যাতায়াতের জন্য সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে।’
সরেজমিনে মাদারীপুর সদর ও শিবচর উপজেলা ঘুরে দেখা গেছে, প্রতিটি সড়ক-মহাসড়ক ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে। জনসভাস্থলসহ শিবচরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে পুরোদমে। বাংলাবাজার ঘাটে ১৫টি অস্থায়ী ঘাট নির্মাণের কাজ চলছে। জনসভার মঞ্চ তৈরির কাজও শেষ পর্যায়।
জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধন ও নেত্রীর জনসভাকে সফল করতে আমাদের আয়োজনের কোনো কমতি নেই। আশা করছি, লাখ লাখ মানুষের সমাগমে মুখর হয়ে উঠবে জনসভাস্থল।’
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা। তিনি প্রথম আলোকে বলেন, ‘সব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। এরই মধ্যে সাদাপোশাকের নিরাপত্তা বাহিনী মাঠে কাজ করছে। এ ছাড়া এসএসএফের নির্দেশনা অনুযায়ী নতুন করে আরও কিছু নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি।’
প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে পদ্মা সেতুর আদলে মঞ্চ তৈরিসহ নানা কাজে শ্রমিকেরা ১৫ দিন ধরে ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুন।
তিনি প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বগত জানাতে মাদারীপুরবাসী প্রস্তুত। জনসভাস্থলের কাজও প্রায় শেষের দিকে। জনসভায় এসে কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁদের জন্য ৪০ শয্যাবিশিষ্ট তিনটি অস্থায়ী হাসপাতাল, সাড়ে পাঁচ শতাধিক শৌচাগার ও সুপেয় পানির সংযোগসহ নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।