পদ্মা সেতুর উদ্বোধনী জনসভাকে ‘জনসভা’ বলা যাবে না, এটা উদ্যাপন: নৌপ্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর কালকের জনসভাকে ‘জনসভা’ বলা যাবে না, এটা একটা ‘উদ্যাপন’। যেখানে প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশ নির্মাণের দিকনির্দেশনা দেবেন। আজ শুক্রবার সকাল ১০টায় মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে ঐতিহাসিক উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিভিন্ন জায়গা থেকে নৌপথে, সড়কপথে এই জনসভায় লাখ লাখ মানুষ অংশ নেবেন। কালকের জনসভা মানুষের ঠিকানায় পরিণত হচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে ইতিমধ্যে হাজার হাজার মানুষের পদচারণা শুরু হয়ে গেছে। নৌপথে যাঁরা আসবেন, তাঁদের জন্যও সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে ইউটিউবে প্রায় ৮০ লাখ কনটেন্ট তৈরি করা হয়েছে। একটি স্থাপনা নিয়ে এত আলোচনা হয়েছে, এ রকম কথা এর আগে কখনো শোনা যায়নি। প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে সমগ্র পৃথিবীকে তিনি এখানে যুক্ত করে ফেলেছেন।
বৈরী আবহাওয়া দেখা দিলেও জনসভায় বাধাগ্রস্ত হবে না বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ বৈরী আবহাওয়ার মধ্যেই বেড়ে উঠেছি। বন্যা, খড়া, ঝড়-বাদল এসবে আমরা অভ্যস্ত। বিশেষ করে নদী পাড়ের মানুষ আরও বেশি অভ্যস্ত। তাই বৈরী আবহাওয়া আমাদের এই আনন্দের গতিকে থামিয়ে দিতে পারবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা দারিদ্রতার জাঁতাকলে চলে গিয়েছিলাম। সেই বাংলাদেশকে তুলে এনেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। পদ্মা সেতু স্থাপনের মধ্য দিয়ে তিনি বিশ্বের হিমালয়ের চূড়ায় বাংলাদেশকে তুলে দিয়েছেন।’
জনসভাস্থলের প্রস্তুতি পরিদর্শনের সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।