পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় চিকিৎসা দিতে ফরিদপুর থেকে গেল ৩৫ সদস্যের দল
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের জনসভায় এসে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তাঁদের চিকিৎসা দিতে ফরিদপুর থেকে ৩৫ সদস্যবিশিষ্ট একটি মেডিকেল দল জনসভাস্থলে গেছেন। আজ শুক্রবার সকাল নয়টার দিকে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এ দলের সদস্যরা চারটি মাইক্রোবাসে করে মাদারীপুরের শিবচর উপজেলার যান।
দলটির নেতৃত্ব দিচ্ছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ফরিদপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল। এ কার্যক্রম সমন্বয় করছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ফরিদপুর ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফরিদপুর। দলের সদস্যদের মধ্যে আছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালের কার্ডিওলজি, মেডিসিন, সার্জারি ও অর্থোসার্জারি বিভাগের কনসালট্যান্ট, মেডিকেল কর্মকর্তা, নার্স ও অফিস সহায়কেরা।
আগামীকাল শনিবার মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাট এলাকায় পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই জনসভায় ১০ লাখের বেশি লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এ জন্য মাদারীপুরের সিভিল সার্জনের তত্ত্বাবধানে ৪০ শয্যার একটি হাসপাতাল ও বড় আকারের তিনটি চিকিৎসক দল কাজ করবে। মাদারীপুর ছাড়াও ফরিদপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুরের চিকিৎসক, নার্স ও অফিস সহকারীদের সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হবে। এরই অংশ হিসেবে ফরিদপুর থেকে মেডিকেল দল শিবচরে গিয়েছে।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ ফরিদপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল বলেন, ফরিদপুর থেকে যাওয়া মেডিকেল দলটি প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবে। এরপর তিনটি দলে ভাগ হয়ে চিকিৎসাসেবা দিতে হবে।