বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব আহমদ কায়কাউস বলেছেন, এ বছর পদ্মা সেতু প্রকল্পে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের দিক থেকে এরপরই আছে বিদ্যুৎ খাত। গতকাল শনিবার দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলায় সৌর ও বায়ুচালিত বিদ্যুতের দুটি কেন্দ্র স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফেনীর সোনাগাজীর পূর্ব বড়ধলী মৌজায় ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর এবং একই ক্ষমতার বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। এ জন্য সরকার এক হাজার একর জমি অধিগ্রহণ করেছে। অনুষ্ঠানে ৩৪২ জন ভূমিমালিকের মাঝে চেক বিতরণ করা হয়।
সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের আদর্শ গ্রামে সাগরিকা বাজার এলাকায় মঞ্চ তৈরি করে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ইজিসিবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এম মনসুর উল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান, পৌর মেয়র রফিকুল ইসলাম, ফেনীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিতরণ) নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম ও ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মিজানুর রহমান।
সভায় আহমদ কায়কাউস বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়াতে অগ্রাধিকার দিচ্ছে। এ জন্য নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। ২০২১ সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার মেগাওয়াট। আর সরকার ২০৩০ সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৩৫ হাজার মেগাওয়াট।