পদ্মা সেতুর স্প্যানে আঘাতের চিহ্ন নেই: সেতুমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণাধীন পদ্মা সেতু এলাকা পরিদর্শন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
ছবি: প্রথম আলো

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের আঘাতের চিহ্ন নেই। সেখানে কোনো ক্ষত নেই। আজ মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্ত পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। সকালে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির ওপরের স্প্যানে ফেরির মাস্তুলের ধাক্কার ঘটনা ঘটে বলে খবর ছড়ায়।

সেতুমন্ত্রী বলেন, ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার ভিডিও টেলিভিশনে দেখানো হয়েছে। এই ঘটনার পর সেনাবাহিনীর কর্মকর্তা, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। তাঁরা স্প্যানের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাননি। সেখানে কোনো ক্ষতও নেই।

পানি থেকে সেতুর উচ্চতা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, পানির পৃষ্ঠ থেকে সেতুর স্প্যানের উচ্চতা ১৮ দশমিক ৩ মিটার। বৈশ্বিক উষ্ণতার কথা বিবেচনায় রেখে উচ্চতা শূন্য দশমিক ৫ মিটার বেশি করে ১৮ দশমিক ৮ মিটার করা হয়েছে। এই ১৮ দশমিক ৮ মিটার ধরা হয়েছে, পানির স্তর যখন সর্বোচ্চ ৭ দশমিক ৫ মিটার হবে। বর্তমানে পানির স্তর ৬ মিটার।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু সরকারের অগ্রাধিকার প্রকল্প। সেতুর সব কটি রোডওয়ে স্ল্যাব বসানো হয়েছে। পদ্মার দুই পাড়ের জেলা সড়কপথে সংযুক্ত হয়েছে। অক্টোবর মাস থেকে সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে।

আজ সকালে লৌহজংয়ে নির্মাণাধীন পদ্মা সেতুর স্প্যানের সঙ্গে ফেরির মাস্তুলের ‘ধাক্কা’ লাগার খবর ছড়িয়ে পড়ে। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও পদ্মা সেতুর প্রকল্পের দায়িত্বশীল কেউ এই ধাক্কার খবর নিশ্চিত করেননি। পরে ঘটনাস্থল পরিদর্শনে যান পদ্মা সেতু প্রকল্প, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও সেনাবাহিনীর দল।

এর আগে মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলের সময় চারবার পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। এর মধ্যে ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ ও ১৩ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত লাগার ঘটনা ঘটে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরিচালকদের সাময়িক বরখাস্ত করা হয়।