পদ্মার এক পাঙাশ ৩৯ হাজারে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা নদীতে ধরা পড়া পাঙাশ বিক্রি হলো ৩৯ হাজার টাকায়। আজ বুধবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায়
ছবি: এম রাশেদুল হক

পদ্মা নদীতে ধরা পড়া এক পাঙাশ মাছ ৩৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। পাঙাশ মাছটি আজ বুধবার সকাল ১০টার দিকে পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সীমান্তবর্তী ভাটি এলাকায় পাওয়া যায়। মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে পরান হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরান হালদার বলেন, মাছটি পাওয়ার পর তিনি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। মাছটি তিনি ফেরিঘাটে নিয়ে গেলে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। মাছটির ওজন ২৬ কেজি হয়েছে। এত বড় পাঙাশ এই মৌসুমে দৌলতদিয়া ঘাট এলাকায় এটাই প্রথম ধরা পড়ল বলে স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের দাবি। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা, লাল চাঁদ খা ও মজিবর খাঁ যৌথভাবে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন। মাছটি কেনার পর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। এ সময় ফেরিঘাট দিয়ে যাতায়াতকারী অনেকে মাছটি দেখতে ভিড় করেন।

মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা বলেন, বেশ কিছুদিন ধরে পদ্মা নদীতে বড় কোনো মাছ পাওয়া যাচ্ছিল না। মাছ না পাওয়ায় একদিকে যেমন জেলেরা বেকার হয়ে বসে ছিলেন, অনেক ক্ষুদ্র মাছ ব্যবসায়ীও বেকার বসে ছিলেন। মাঝেমধ্যে বড় মাছ পাওয়া গেলে, তা বেচাকেনা করে কিছু টাকা লাভ হয়। এতে পরিবার নিয়ে করোনাকালে খেয়েপরে বেঁচে থাকা যায়।

মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা ও চাঁদ আলী খাঁ দাবি করেন, এই মৌসুমে এত বড় পাঙাশ পাওয়া যায়নি। মাঝে এর কাছাকাছি ওজনের একটি পাঙাশ পাওয়া গেলেও সেটি দৌলতদিয়া অঞ্চলের ছিল না। অন্য জায়গা থেকে মাছটি এখানে এনে বিক্রি করা হয়। ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে দেড় হাজার টাকা কেজি দরে মোট ৩৯ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি একটি কার্টনে ভরে মোটরসাইকেলে করে দুপুর ১২টার দিকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, মাঝেমধ্যে এ ধরনের বড় বড় কাতল, পাঙাশ, বাগাড়, বোয়াল মাছ ধরা পড়ছে। তবে ২৬ কেজির মতো বড় পাঙাশ খুব একটা দেখা যায় না।