পদ্মার দুর্গম চরের ৩৫৪ পরিবার পেল বিদ্যুৎ–সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার দুপুরে লালপুরে পদ্মার দুর্গম চরে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করেন সাংসদ শহিদুল ইসলাম।
প্রথম আলো

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীর দুর্গম চর জাজিরা ও দিয়ারশংকরপুর বিদ্যুৎ–সুবিধার আওতায় এসেছে। নদীর মধ্য দিয়ে খুঁটি পুঁতে লালপুর বিদ্যুৎ উপকেন্দ্র থেকে শনিবার সেখানে ৩৫৪টি পরিবারকে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হয়।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে বিশেষ সেবা কর্মসূচির অংশ হিসেবে পদ্মার চরের দুর্গম এলাকায় বিদ্যুৎ সরবরাহের প্রকল্প হাতে নেওয়া হয়। পৌনে ২ কোটি টাকা ব্যয়ে প্রায় ১১ কিলোমিটার সরবরাহ লাইন তৈরি করা হয়।

শনিবার দুপুরে নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম নৌকায় নদী পার হয়ে চরে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর পরিচালনা বোর্ডের সভাপতি ওয়াশছেক আলী। অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ বোর্ড নাটোরের নির্বাহী প্রকৌশলী সাব্বিউল ফেরদৌস, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) আবদুর রশিদ, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংসদ শহিদুল ইসলাম বলেন, চারদিকে পানি। মাঝে চর জাজিরা ও দিয়ারশংকরপুর গ্রাম। এখানে বিদ্যুৎ আসতে পারে, তা এত দিন কেউ ভাবতে পারেনি। শোকের মাসে এখানে বিদ্যুৎ সরবরাহ করে সরকার এলাকাবাসীকে বিশেষ সুবিধা দিল। বিদ্যুৎ পেয়ে চরের মানুষ খুশি হয়েছেন।