পদ্মার বাগাড় বিক্রি হলো ৪৭ হাজার টাকায়
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে গতকাল সোমবার রাতে জেলেদের জালে প্রায় ৩৫ কেজি ওজনের এক বাগাড় মাছ ধরা পড়ে। মাছটি জেলেদের কাছ থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ৭৫০ টাকায় কিনে নেন। পরে রাতেই ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৪৭ হাজার টাকায় মাছটি বিক্রি করেন তিনি।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, নুরুল ইসলাম হালদারের জালে গতকাল রাতে বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তে নেওয়া হয়। মাছটি কিনে নেন আড়তের মালিক শাহজাহান শেখ।
মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, মাছটি কেনার পর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়। অনেকে মাছটি দেখতে আসেন। তিনি রাতে ঢাকার কাঁচপুর এলাকার এক বড় ব্যবসায়ীর কাছে মাছটি ৪৭ হাজার টাকায় বিক্রি করেন। মাছটি রাত ১২টার দিকে লোক মারফত ঢাকার ওই ব্যবসায়ীর বাসায় পৌঁছানোর ব্যবস্থা করেন তিনি।
গোয়ালন্দ উপজেলা মৎস্য ব্যবসায়ী রেজাউল শরীফ বলেন, পদ্মায় এত বড় বাগাড় মাছ খুব কম ধরা পড়ে। এত বড় বাগাড় মাছ ধরা পড়ার বিষয়টি জেলেদের জন্য আনন্দের। পানি কমতে থাকায় এখন আরও ভালো ও বড় মাছ পাওয়া যাবে। তবে পদ্মায় ইলিশ মাছ ধরা না পরায় তিনি হতাশ।