পদ্মার ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
পদ্মা নদীর ভাঙনের কবল থেকে গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার শরীয়তপুরের জাজিরা উপজেলার কলমিরচর গ্রামে পদ্মা নদীর তীরে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধনে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের কলমিরচর গ্রামের মানুষ পদ্মা নদীর ভাঙনের কারণে দিশেহারা হয়ে পড়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। গত এক মাসের ভাঙনে গ্রামটির ৮০০ পরিবারের মধ্যে ৭০০ পরিবার গৃহহীন হয়েছে। বাকি ১০০ পবিরার ভাঙন আতঙ্কে তাদের বসতঘর ও প্রয়োজনীয় জিনিস সরিয়ে নিতে শুরু করেছে। এ ছাড়া ভাঙনের হুমকির মধ্যে রয়েছে কলমিরচর গ্রামের পাশের নড়িয়া উপজেলার সাহেবেরচর ও ঈশ্বরকাঠি গ্রামের ৪০০ পরিবার।
ভাঙনের কারণে কলমিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙনের হুমকিতে থাকায় আলহাজ ইসমাইল মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের তিনটি ভবনের ও কুণ্ডেরচর হাসেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের শ্রেণিকক্ষের আসবাব সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙনের কারণে বিদ্যালয় তিনটির পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এ ছাড়া ভাঙনের হুমকিতে রয়েছে কুণ্ডেরচর কালু ব্যাপারী স্কুল অ্যান্ড কলেজ।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শরীয়তপুর-২ আসনের সাংসদ শওকত আলী। তিনি বলেন, ‘নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট থেকে জাজিরা উপজেলার পালেরচর পর্যন্ত পদ্মা নদীতে বাঁধ নির্মাণ করার আলোচনা চলছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। প্রকল্পটিতে অর্থ বরাদ্দ দেওয়ার জন্য সরকারের উচ্চপর্যায়ে আমি কথা বলেছি।’