পদ্মার ভাঙনে আরেকটি ঘাট বন্ধ, কয়েক শ গাড়ি আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মার ভাঙনে গত শুক্রবার রাতে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটের র‍্যামের নিচের সংযোগ সড়ক বিলীন হয়ে যায়। ঘাটটি চালু করতে গতকাল শনিবার কর্তৃপক্ষ কাজ করে l প্রথম আলো
পদ্মার ভাঙনে গত শুক্রবার রাতে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটের র‍্যামের নিচের সংযোগ সড়ক বিলীন হয়ে যায়। ঘাটটি চালু করতে গতকাল শনিবার কর্তৃপক্ষ কাজ করে l প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটের র্যা মের নিচ থেকে সংযোগ সড়কের একাংশ পদ্মার ভাঙনে বিলীন হওয়ায় ঘাটটি বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এদিকে ভাঙনের কারণে ১ নম্বর ঘাট এক মাস ধরে বন্ধ। তীব্র স্রোতের কারণে ২ নম্বর ঘাটে ফেরি ভেড়ানোয় বিঘ্ন ঘটছে। এতে ঘাট এলাকায় যানজটে আটকা পড়েছে কয়েক শ গাড়ি। দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত একটার দিকে ৩ নম্বর ঘাটের বাঁ পাশের র্যা মের সংযোগ সড়কের প্রায় ৩৫ ফুট বিলীন হয়। এটি বন্ধ করে দিয়ে ডান পাশের র্যা ম দিয়ে কোনো রকমে ফেরিতে গাড়ি ওঠানামা করতে থাকে। গতকাল শনিবার সকাল নয়টার দিকে এর নিচ থেকেও মাটি ধসে গেলে কর্তৃপক্ষ ঘাটটি বন্ধ করে দেয়। ২ ও ৪ নম্বর ঘাট চালু রয়েছে। তবে ২ নম্বর ঘাটে তীব্র স্রোত থাকায় রো রো ফেরি ভাষাসৈনিক ডা. গোলাম মওলা ও ভাষাশহীদ বরকত ছাড়া কোনো ফেরি ভিড়তে পারছে না। তাই কার্যত এই ঘাটটিও অচল। ৪ নম্বর ঘাটে ভিড়তে না পেরে ফেরিজট তৈরি হচ্ছে। এ ছাড়া ১ নম্বর ঘাটটি গত ৬ আগস্ট থেকে বন্ধ রয়েছে।
গতকাল বেলা আড়াইটায় দেখা যায়, ১ নম্বর ঘাট চালু করতে কাজ চলছে। ২ নম্বর ঘাট চালু থাকলেও তীব্র স্রোতের কারণে সেখানে কোনো ফেরি নেই। ভাঙনের কারণে বন্ধ ৩ নম্বর ঘাটের দুটি র্যা ম উঁচু করে রাখা হয়েছে এবং সড়ক মেরামতের কাজ চলছে। ৪ নম্বর ঘাটের কাছে চার-পাঁচটি ফেরি রয়েছে। দুটি পকেট চালু থাকায় বাধ্য হয়ে বাকি ফেরিগুলো অপেক্ষা করছে। নদী পাড়ি দিতে না পারায় ঘাট থেকে ক্যানাল ঘাট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কজুড়ে দুই লাইনে পশুবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ কয়েক শ গাড়ি এবং ক্যানাল ঘাটের পর থেকে আরও এক কিলোমিটার দীর্ঘ সারিতে বিভিন্ন গাড়ি আটকে থাকতে দেখা যায়।
যশোর থেকে আসা ইগল পরিবহনের যাত্রী বেলায়েত হোসেন বলেন, ‘প্রায় পাঁচ ঘণ্টা ধরে আটকে আছি। কিন্তু এখনো ফেরিতে উঠতে পারিনি। গরমে বাসে বসে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছেন অনেকে।’
ট্রাকচালক আলমগীর হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিকরগাছা থেকে এসে এখনো আটকে আছি। শতাধিক ট্রাক দুই দিন ধরে ঘাটে আটকে আছে।’
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, ৩ নম্বর ঘাটের ওপর অনেকটা আশাবাদী ছিলাম। কিন্তু শুক্রবার মধ্যরাতে সেটি ভাঙনের কবলে পড়ে বন্ধ হয়ে যায়। এটি ঠিক করতে গিয়ে ১ নম্বর ঘাট চালু করতে দেরি হচ্ছে। এটি আগামী সোম বা মঙ্গলবারের আগে চালু করা সম্ভব হবে না।
এদিকে, গতকাল দুপুরে দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক এস এম মাহফুজুল হক নুরুজ্জামান। তিনি জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ শুরু হয়েছে। যাত্রী পারাপার বা নৌযান চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, এ জন্য সার্বক্ষণিক সবাইকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সময় পুলিশ সুপার জিহাদুল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।