পদ্মার সাড়ে ২৬ কেজির পাঙাশ বিক্রি হলো ৪৪ হাজারে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২৬ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে রতনের জালে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন। মাছটি আজ রোববার সকালে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন তিনি।
স্থানীয় কয়েকজন মৎস্য ব্যবসায়ী জানান, ভরা বর্ষা হওয়ায় এখন মাঝেমধ্যে পদ্মা ও যমুনা নদীতে বড় বড় পাঙাশ, কাতল, রুই, বাগাড় ও বোয়াল–জাতীয় মাছ ধরা পড়ছে। গতকাল মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে রতন কয়েকজনকে নিয়ে মাছ শিকারে যান। জাল টেনে নৌকায় তোলার সময় দেখতে পান বড় একটি পাঙাশ ধরা পড়েছে। মাছটি ওজন দিয়ে দেখেন ২৬ কেজি ৫০০ গ্রাম। এ সময় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন। মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। তখন মাছটি দেখতে অনেকেই ভিড় জমান।
মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, এখন মাঝেমধ্যে বড় মাছ ধরা পড়ছে। তবে ২৬ কেজি ওজনের পাঙাশ খুব কমই দেখা গেছে এবার। আজ সকালে ঢাকার এক পরিচিত ব্যবসায়ীর সঙ্গে কথা বলে মাছটি প্যাকেট করে পাঠিয়ে দিয়েছেন। ওই ব্যবসায়ীকে কেনা দামের কথা বললে তিনি মাছটি পাঠিয়ে দিতে বলেন। তবে তাঁকে কত টাকা দেবেন, তা পরিষ্কার করে বলেননি। উপযুক্ত দাম পাওয়ার আশা তাঁর।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, সামনে ভরা বর্ষা মৌসুমে আরও বড় বড় মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের দেশীয় প্রজাতির বড় মাছ এই নদীতে পাওয়া এ অঞ্চলের মানুষের জন্য বড় সুখবর। তবে স্থানীয়ভাবে এ ধরনের মাছ রক্ষার ব্যবস্থা করতে পারলে সবাই আরও বেশি উপকৃত হতো।