পদ্মার ২৫ কেজির বাগাড় বিক্রি হলো ৩০ হাজার টাকায়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। আজ বুধবার সকাল আটটার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীর মোহনায় জয় হালদার নামের স্থানীয় এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
জয় হালদার জানান, আজ ভোরে কয়েকজন জেলের সঙ্গে তিনিও নদীতে মাছ ধরতে যান। শুরুতে কয়েকবার জাল ফেলে কোনো মাছ না পেয়ে তিনি হতাশ হন। পরে সকাল সাতটার দিকে আবার জাল ফেলে ঘণ্টাখানেক পর তুলে দেখেন জালে একটি বড় বাগাড় মাছ আটকা পড়েছে। পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে আনেন। সেখানে নিলামে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার টাকায় শাহজাহান শেখ নামের এক আড়তদার মাছটি কিনে নেন।
শাহজাহান শেখ জানান, তিনি মাছটি বিক্রির জন্য মুঠোফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। ১ হাজার ৪০০ টাকা কেজি দর পেলেই তিনি মাছটি বিক্রি করবেন বলে জানান।