পদ্মায় ইলিশ ধরার অপরাধে ৩১ জেলের কারাদণ্ড
শরীয়তপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ৩১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার জেলা মৎস্য কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
আজ শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীর পালেরচর, বাবুরচর, কুণ্ডেরচর এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন, র্যাব ও পুলিশ। অভিযানে মা ইলিশ শিকারের অপরাধে ২৮ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের ২১ দিন করে কারাদণ্ড দিয়েছেন জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ। পরে পুলিশ তাঁদের জেলা কারাগারে পাঠিয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার নড়িয়া উপজেলার পদ্মা নদীতে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন জেলেকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, চার দিনে মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন, পুলিশ ও র্যাব নদীতে ৪৬টি যৌথ অভিযান চালিয়েছে। এ সময় ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লাখ ৬১ হাজার টাকা জরিমানা করা হয়, আর মামলা করা হয়েছে ৩৫টি।
শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার প্রথম আলোকে বলেন, ‘পদ্মা ও মেঘনা নদীর ৭১ কিলোমিটার নদীপথ। দীর্ঘ এ নদীতে আমাদের চোখ ফাঁকি দিয়ে জেলেরা মা ইলিশ শিকার করছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় অভিযান চালিয়ে জেলেদের আটক করে জাল ও নৌকা ধ্বংস করা হচ্ছে।’
ইলিশ মাছের প্রজনন ও মা ইলিশ সংরক্ষণ নিশ্চিত করতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের নদ-নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য সম্পদ বিভাগ।