পদ্মায় গোসল করতে গিয়ে শ্রমিক নিখোঁজ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাট এলাকায় গোসল করতে নেমে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। ওই শ্রমিকের নাম সুলতান শিকদার (৩২)। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার পর পদ্মা নদীতে গোসল করতে নামেন তিনি।
এরপর আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার অভিযানে সুলতানের কোনো খোঁজ না পেয়ে উদ্ধার তৎপরতা বন্ধ করা হয়েছে।
নিখোঁজের পারিবারিক সূত্রে জানা গেছে, সুলতান দৌলতদিয়া ফেরিঘাটে সারবোঝাই কার্গো থেকে মালামাল নামানোর কাজ করেন। ফেরিঘাটসংলগ্ন সিদ্দিক কাজীপাড়ায় তিনি পরিবার নিয়ে থাকেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল তীব্র স্রোতের কারণে বিপজ্জনক অবস্থা হওয়ায় রাতে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। তবে আজ সকাল থেকে পাটুরিয়া স্টেশনের ছয় ডুবুরি উদ্ধার অভিযান চালিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়েছি। তবে নিখোঁজ ওই শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। তীব্র স্রোতের কারণে নিখোঁজের সন্ধান পাওয়ার ব্যাপারে আমরা অপারগতা প্রকাশ করেছি। তাই স্থানীয় প্রশাসনকে জানিয়ে বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে।’
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক বলেন, এখন প্রাকৃতিকভাবে লাশ ভেসে ওঠার জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।