পদ্মায় জেলের জালে ধরা পড়ল ২১ কেজির পাঙাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ২১ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বড় পাঙাশ মাছ ধরা পড়ে।
ছবি: এম রাশেদুল হক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলেদের জালে ২১ কেজি ওজনের একটি বড় পাঙাশ মাছ ধরা পড়েছে। আজ বুধবার ভোর রাতের দিকে জেলে ওমর আলী হালদারের জালে মাছটি ধরা পড়ে। ভোরে দৌলতদিয়া ঘাট মাছ বাজারে আনা হলে নিলামে অংশ নিয়ে মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ২১ কেজি ২০০ গ্রামের পাঙাশটি ২৬ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও জেলেরা বলেন, মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে ওমর আলী মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার বিকল্প ফেরিঘাট সড়কসংলগ্ন মাছ বাজারে নিয়ে যান। মাছটি স্থানীয় আড়তদার কেছমত আলীর আড়তে তোলেন। সেখানে ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ২১ কেজি ২০০ গ্রাম। পরে নিলামে মাছটি কিনে নেন চান্দু মোল্লা।

চান্দু মোল্লা বলেন, মাছটি কিনে তিনি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। বড় পাঙাশ মাছটি দেখতে উৎসুক অনেকে সেখানে ভিড় করেন। মাছটি তিনি বিক্রির জন্য ঢাকাসহ বিভিন্ন এলাকার পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেন। পরে বেলা ১১টার দিকে ঢাকার এক ব্যবসায়ীর কাছে তিনি মাছটি বিক্রি করেন। ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৫৬০ টাকায় তিনি মাছটি বিক্রি করেছেন বলে দাবি করেন। মাছটি মোটরসাইকেলে করে ঢাকায় পাঠানো হয়েছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, বর্তমানে পদ্মা নদীতে পানি আপ-ডাউন করছে। আর কয়েক দিন পর নদী পানিতে পূর্ণ হলে আরও বড় বড় মাছ পাওয়ার সম্ভাবনা আছে।