পদ্মায় ট্রলারডুবিতে নিখোঁজের সাত দিন পর মিলল শিক্ষকের মৃতদেহ
ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই শিক্ষকের মধ্যে এক শিক্ষকের মৃতদেহ পাওয়া গেছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শরীয়তপুরের জাজিরা উপজেলার নির্মাণাধীন পদ্মা সেতুর ৩৩ নম্বর পিলারের কাছে নাওডুবি গ্রামে পদ্মা নদীর পাড় থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
ওই শিক্ষকের নাম আজমল হোসেন শেখ (৪২)। তিনি ফরিদপুর শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। তাঁর স্ত্রীর নাম আফরোজা বেগম। মেয়ে (১৭) উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী এবং ছেলে (৮) দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। আজমল হোসেন সপরিবার শহরের গোয়ালচামট মহল্লার ১ নম্বর সড়কে বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি পাশের রাজবাড়ী জেলার সদর উপজেলার সুলতানপুর গ্রামে। তাঁর বাবার নাম মৃত সেকেন শেখ।
তবে নিখোঁজ অপর শিক্ষকের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, মৃত ব্যক্তির প্যান্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে জাজিরা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ওসি আরও বলেন, থানায় অপমৃত্যুর মামলা হলেও মৃতদেহটি ময়নাতদন্ত ছাড়াই মৃতের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল তাঁকে নিশ্চিত করেছেন আজমল নৌকাডুবির শিকার হয়েছিলেন। এ জন্য মৃতদেহটির ময়নাতদন্ত করা আবশ্যক মনে করছেন না।
গত ২৫ আগস্ট বিকেল ৪টার দিকে ফরিদপুরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক নৌভ্রমণের উদ্দেশ্যে একটি ট্রলার ভাড়া করেন। শিক্ষকেরা প্রথমে চর মাধবদিয়া ইউনিয়নের চাঁদের বিল ঘুরে পদ্মা নদী দিয়ে মদনখালী এলাকায় যান। ফেরার পথে বিকেল সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনার শিকার হয়ে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারে ১৫ জন শিক্ষক, ট্রলারের মাঝিসহ মোট ১৬ জন ছিলেন। এর মধ্যে ১৩ জন শিক্ষক, মাঝিসহ ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ওই দুই শিক্ষক পানির স্রোতে ভেসে যান।
ট্রলারডুবির ঘটনার সাত দিন পর নিখোঁজ শিক্ষক আজমলের মৃতদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন শিক্ষক আলমগীর হোসেন (৪০)। তিনি ফরিদপুর উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক। তিনি ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের ইকরা মাতুব্বরের ডাঙ্গর গ্রামের আবদুস সালাম শেখের ছেলে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান শিক্ষক আজমলের মৃতদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত নিখোঁজ আরেক শিক্ষকের কোনো সন্ধান পাওয়া যায়নি। পদ্মার তীরবর্তী প্রতিটি থানাকে আগেই এ ব্যাপারে অবহিত করা হয়েছে। পাশাপাশি নৌ পুলিশ দিয়ে টহল অব্যাহত রয়েছে।