পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত, পাটুরিয়ায় গাড়ির দীর্ঘ সারি
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ী দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময়ে লাগছে। পাশাপাশি সাপ্তাহিক ছুটির কারণেও ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপও কিছুটা বেড়েছে। এসব কারণে পাটুরিয়া প্রান্তে পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি মিলিয়ে ৯ শতাধিক যানবাহন আটকা পড়েছে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পণ্যবাহী পরিবহনের চালক ও সহকারীরা। কোনো কোনো পণ্যবাহী গাড়ি দুই থেকে তিন দিনেও নৌপথ পাড়ি দিতে পারেননি। নারায়ণগঞ্জ থেকে সয়াবিন তেল নিয়ে যশোরে যাচ্ছিলেন ট্রাকচালক আমজাদ হোসেন (৫৫)। তিনি বলেন, গত বুধবার রাত তিনটার দিকে ট্রাক নিয়ে এসে মানিকগঞ্জের শিবালয়ের উথলী মোড়ে আটকা পড়েন। গতকাল বৃহস্পতিবার বিকেলে পাটুরিয়ার আরসিএল মোড় পর্যন্ত আসেন। আজ শুক্রবার বেলা একটায়ও তিনি ফেরির টিকিট পাননি।
আরসিএল মোড় এলাকায় আটকে থাকা অপর একটি ট্রাকের চালকের সহকারী সোহরাব হোসেন বলেন, ‘দুই দিন ধরে ঘাটে আটকে আছি। নিজের পকেটের টাকা খরচ করে ঘাটেই খাওয়াদাওয়া করছি।’
ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নদীতে পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোতের প্রতিকূলে ফেরিগুলোকে বাড়তি পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। স্বাভাবিক পরিস্থিতিতে ফেরিতে নদী পার হতে ৩০ থেকে ৩৫ মিনিট সময় লাগে। তবে এখন স্বাভাবিক সময়ের চেয়ে আধা ঘণ্টা বেশি লাগছে। এ কারণে ফেরির ট্রিপের সংখ্যা কমে যাওয়ায় যানবাহন পারাপারে আগের চেয়ে কম হচ্ছে। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ২৪০-২৫০ ট্রিপ হয়ে থাকে। তবে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১৯০ থেকে ২০০টিতে।
পাটুরিয়া ঘাট এলাকায় দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশের পরিদর্শক আবদুল্লাহ আল যোবায়েদ বলেন, আজ সকাল থেকে পাটুরিয়া প্রান্তে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। পণ্যবাহী গাড়ির চাপ রয়েছে সব চেয়ে বেশি। এর মধ্যে দুপুর ১২টার দিকে পাটুরিয়া ট্রাক টার্মিনালে দুই শতাধিক, টার্মিনাল থেকে নবগ্রাম বাজার পর্যন্ত তিন শতাধিক এবং উথলী মোড় এলাকায় শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এ ছাড়া পাটুরিয়ার তিন নম্বর ঘাট থেকে থেকে পাটুরিয়া-উথলী সড়কের আরসিএল মোড় পর্যন্ত শতাধিক যাত্রীবাহী বাস এবং পাটুরিয়ার ৫ নম্বর ঘাট এলাকা থেকে নালী বাজার পর্যন্ত দুই শতাধিক ছোট গাড়ি নদী পারের অপেক্ষায় রয়েছে।
যাত্রী ও পরিবহনশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নদী পার হতে এসে পাটুরিয়া প্রান্তে প্রতিটি যাত্রীবাহী বাসকে এক থেকে দুই ঘণ্টা করে অপেক্ষা করতে হচ্ছে।
বাসে যশোরের অভয়নগর উপজেলায় বাড়িতে ফিরছেলেন ব্যবসায়ী লোকমান হোসেন (৫০)।
পাটুরিয়ার জিরো পয়েন্ট এলাকায় আটকে থাকা এই যাত্রী বলেন, গতকাল (বৃহস্পতিবার) ঢাকার চকবাজারে গিয়েছিলেন মালামাল কিনতে। আজ সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাটের এক কিলোমিটার আগে এসে তাঁদের বাসটি আটকা পড়ে। দুই ঘণ্টা পর ফেরির টিকিট মিললেও ফেরিতে ওঠার সুযোগ মেলেনি।
এদিকে সাপ্তাহিক ছুটির কারণে রাজধানী ও আশপাশের এলাকা থেকে অনেক যাত্রী পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ হয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন। এ কারণে পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ঘাট এলাকায় যানজট এড়াতে ব্যক্তিগত গাড়িগুলোকে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে সরাসরি পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে যেতে হচ্ছে। তাঁদের একজন ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ (৪০) বলেন, ‘চাচাতো ভাইয়ের বিয়েতে মাগুরা সদরে যাচ্ছি। ঘাট এলাকায় আসার পর দেড় ঘণ্টা পার হলেও ফেরির টিকিট পাইনি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, নদীতে তীব্র স্রোতের কারণে পারাপারে সময় বেশি লাগায় ফেরির ট্রিপসংখ্যা কমে গেছে। বর্তমানে ২১টি ফেরির মধ্যে ২০টি চলাচল করছে। যান্ত্রিক ত্রুটির কারণে একটি ছোট ফেরি পাটুরিয়ায় ভাসমান কারখানায় মেরামত করা হচ্ছে।
শাহ মো. খালেদ নেওয়াজ আরও বলেন, যাত্রীদের ভোগান্তি বিবেচনা করে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। এ কারণে সাধারণ পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে। তবে বিকেলে এই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে।