পদ্মায় ধরা পড়ল ২১ কেজির বাগাড় ও ১৪ কেজির কাতলা
রাজবাড়ী সদর উপজেলার গুদারবাজার এলাকার জেলে সাইয়ুমের জালে পদ্মা নদীতে ২১ কেজি ওজনের বাগাড় ও ১৪ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়েছে। শনিবার ভোরে বাগাড় মাছ ও সকাল নয়টার দিকে কাতলা মাছটি ধরা পড়ে। পরে মাছ দুটি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার এক মৎস্য ব্যবসায়ীর কাছে ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয়।
স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, শনিবার ভোরে জাল নিয়ে ট্রলারে করে সহকর্মীদের সঙ্গে পদ্মায় মাছ শিকারে যান সাইয়ুম। রাজবাড়ী সদর উপজেলার গুদারবাজার এলাকা থেকে জাল ফেলতে ফেলতে তিনি গোয়ালন্দের দিকে ভাটিতে আসতে থাকেন।
গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তার মোড় এলাকায় জাল ফেলে গোছানোর সময় কয়েকবার ঝাঁকি অনুভব করেন সাইয়ুম। জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি বাগাড় মাছ। পরে সকাল নয়টার দিকে আবার জাল ফেলে কিছুক্ষণ অপেক্ষার পর নৌকায় জাল গোটাতেই দেখতে পান বড় একটি কাতলা ধরা পড়েছে। দুটি বড় মাছ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। খবর পেয়ে অন্তার মোড় থেকেই সরাসরি জেলে সাইয়ুমের কাছ থেকে মাছ দুটি কিনে নেন ব্যবসায়ী শাহজাহান শেখ।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. শাহজাহান শেখ বলেন, দরদাম করে বাগাড় মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ২৪ হাজার ১৫০ টাকায় এবং ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ১৮ হাজার ৯০০ টাকায় কাতলা মাছটি কিনে নেন। মাছ দুটি দৌলতদিয়া ফেরিঘাটে তাঁর আড়তে আনার পর বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করেন।
দুপুরে কাতলা মাছটি ঢাকার মোহাম্মদপুর এলাকার এক ব্যক্তির কাছে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন। পরে ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার আরেক ব্যক্তির কাছে বাগাড় মাছটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে ২৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। মাছ দুটি দুপুরের পরই ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।