পদ্মায় ধরা পড়েছে ২১ কেজির বোয়াল ও কাতলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলেরা দৌলতদিয়া ঘাটে বোয়াল মাছটি বিক্রি করেন। রোববার সকালে মাসুদ মোল্লার আড়তের সামনে
এম রাশেদুল হক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে দুটি বড় বোয়াল ও কাতলা মাছ ধরা পড়েছে। প্রতিটির ওজন ২১ কেজি। গতকাল শনিবার দিবাগত রাতে জেলেদের জালে মাছ দুটি ধরা পড়ে। জেলেরা ওই মাছ বিক্রি করে ৭২ হাজার টাকা পেয়েছেন।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা ২১ কেজি ওজনের বোয়াল মাছটি ২ হাজার ১০০ টাকা কেজি দরে কেনেন। আরেক ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে কাতলা মাছটি কেনেন।

মাসুদ মোল্লা বলেন, শনিবার দিবাগত রাতে সদর উপজেলার জৌকুড়ার শুকুর হালদারসহ কয়েকজন পদ্মায় মাছ ধরতে নামেন। শেষ রাতের দিকে পদ্মা-যমুনার মিলনস্থল গোয়ালন্দের দেবগ্রাম এলাকায় জালে বোয়াল মাছটি পড়ে। তাঁরা মাছটি নিয়ে দৌলতদিয়া ঘাট টার্মিনালসংলগ্ন মাছ বাজারে আসেন।

নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাসুদ মোল্লা ও দুই ভাগীদার ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ১০০ টাকায় মাছটি কেনেন। সকাল ১০ টার দিকে তাঁরা ঢাকার ধানমন্ডি এলাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন।
মাসুদ মোল্লা বলেন, গত বছর পদ্মা নদীতে ২০ কেজি ওজনের একটি বোয়াল ধরা পড়েছিল। এ বছর প্রথম এত বড় বোয়াল ধরা পড়েছে। তারা ওই জেলের কাছ থেকে ৭ কেজি ওজনের আরও দুটি আইড় মাছ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে কেনেন এবং একই ব্যক্তির কাছে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি করেন।

পদ্মায় শনিবার রাতে জেলেদের জালে ২১ কেজি ওজনের কাতলা মাছটি ধরা পড়ে। রোববার সকালে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে
প্রথম আলো

অন্যদিকে দৌলতদিয়া মাছ বাজার থেকে আরেক মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ২১ কেজি ২০০ গ্রাম ওজনের কাতলা মাছটি ২৮ হাজার ৩৫০ টাকায় কেনেন। বেলা দুইটার দিকে মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বাঁধা ছিল। স্থানীয় দুলাল মণ্ডলের আড়ত থেকে মাছটি তিনি কিনেছেন।

চান্দু মোল্লা বলেন, ঢাকার বিভিন্ন পরিচিত ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ অনেকের সঙ্গে যোগাযোগ করছি। ১ হাজার ৪০০ টাকা কেজি দর পেলে বিক্রি করে দেব। মাছটি কোন জেলের জালে ধরা পড়েছে, তা তাঁর জানা নেই।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, ‘পদ্মায় দেশীয় প্রজাতির বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। এ ধরনের বড় মাছ সংরক্ষণ করা খুবই দরকার। এগুলোর বিচরণের জন্য অভয়াশ্রম করতে পারলে মাছের প্রজননে কোনো সমস্যা হতো না। সম্প্রতি উপজেলার মাসিক সমন্বয় সভায় বিষয়টির গুরুত্ব তুলে ধরেছি।’