পদ্মায় নৌকাডুবি, নানি ও নাতনির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌকাডুবি
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা দুইটায় উপজেলার পাকা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো ওই নৌকার ৪০ যাত্রী নিখোঁজ। আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মারা যাওয়া দুজন হলেন পাকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫৫) ও তাঁর মেয়ের ঘরের নাতনি মাইশা (৫ মাস)। মাইশা সদর উপজেলার মো.বাবুর মেয়ে। ফায়ার সার্ভিস ও বিজিবি নিখোঁজ থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বোগলাউড়ি ঘাট থেকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে দশরশিয়া ঘাটে আসছিল একটি ইঞ্জিনচালিত নৌকা। বেলা পৌনে দুইটায় মাঝনদীতে তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়।

এ বিষয়ে পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন প্রথম আলোকে জানান, নৌকাডুবির ঘটনার পর দুই যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকার আট যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা নিখোঁজ।