পদ্মায় পড়ে ভাসছিল মা–ছেলে, ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করলেন ঘাটশ্রমিক
কর্মস্থলে যাওয়ার পথে অসাবধানতাবশত ফেরির পন্টুন থেকে পদ্মায় পড়ে যান এক গৃহবধূ ও তাঁর ছেলে। এ সময় ঘাটে কর্তব্যরত মনির শেখ নামের এক ফেরিশ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে তাঁদের উদ্ধার করেন। এ সময় নদীতে তীব্র স্রোত ছিল। অল্পের জন্য প্রাণে রক্ষা পান মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল নয়টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে।
উদ্ধার হওয়া গৃহবধূর নাম রোকসানা ইয়াসমিন (২৭) ও তাঁর শিশু সন্তান মেহেরাব হোসেন (৪)। রোকসানা মাগুরার শ্রীপুর উপজেলার মাসাইলা কুসা ইসাপুর গ্রামের মো. হাসান উজ্জামানের স্ত্রী। হাসান উজ্জামান গাজীপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শুক্রবার সকাল নয়টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে যানবাহন আনলোড করে গাড়ির জন্য অপেক্ষা করছিল রো রো ফেরি আমানত শাহ। ঘাটে ফেরি দেখে দ্রুত তাতে উঠে পড়েন হাসান উজ্জামান। তাঁর পেছনে ছিল স্ত্রী ও তাঁদের একমাত্র ছেলে। ফেরির পন্টুনে ওঠার সংযোগ সড়ক র্যাম দিয়ে যাওয়ার সময় পাশ দিয়ে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাস উঠছিল। বাসটি তাঁদের প্রায় ঘেঁষে যাওয়ায় ভয়ে পাশে সরতে গিয়ে রোকসানা ইয়াসমিন ও তাঁদের সন্তান মেহেরাব হোসেন র্যাম থেকে পদ্মা নদীতে পড়ে যান। এ সময় নদীতে প্রচণ্ড স্রোত থাকায় তাঁরা ভেসে যাচ্ছিলেন।
ওই ঘাটে দায়িত্ব পালন করছিলেন ঘাটের শ্রমিক মনির শেখ। তিনি বিষয়টি দেখার পর সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন। এক হাতে শিশু মেহেরাব, আরেক হাত দিয়ে রোকসানাকে ধরে ফেলেন। ফেরি থেকে স্বামী হাসান উজ্জামান দেখে ফেলে পন্টুন থেকে তিনিও লাফ দেন। হাসান উজ্জামান তাঁর স্ত্রীকে ও মনির শেখ শিশুসন্তানটিকে টেনে তুলে আনেন।
ফেরিঘাটের শ্রমিক মনির শেখ বলেন, ‘হানিফ পরিবহনের বাসটি র্যাম দিয়ে ফেরিতে ওঠার সময় পাশাপাশি ওই গৃহবধূ ও তাঁর শিশুসন্তানকে অনেকটা চাপা দেওয়ার চেষ্টা করে। ভয়ে তাঁরা র্যাম থেকে নদীতে পড়ে যান। আমি দেখামাত্রই লাফ দিয়ে তাঁদের ধরে ফেলি। এ সময় তাঁরা ফেরি ও পন্টুনের মাঝে চিপায় পড়ে যান। এদিকে তাঁর স্বামীও লাফ দিলে পরে তিনি তাঁর স্ত্রীকে এবং আমি শিশুটিকে টেনে ওপরে তুলে নিয়ে আসি। একটু দেরি হলেই মা ও শিশু স্রোতে ভেসে যেত। হয়তো তাদের বাঁচানো সম্ভব হতো না।’
প্রত্যক্ষদর্শী ঘাটশ্রমিক মনির শেখ বলেন, গৃহবধূর বাবার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর কন্ডুপাড়ায়। স্বামী হাসান উজ্জামান করোনার কারণে প্রায় দেড় মাস ধরে স্ত্রীকে তাঁর বাবার বাড়ি রেখে তিনি নিজ কর্মস্থলে অবস্থান করেন। কঠোর বিধিনিষেধ প্রত্যাহার করা হলে হাসান তাঁর শ্বশুরবাড়ি খানখানাপুর আসেন তাঁদের নিতে। আজ শুক্রবার সকালে স্ত্রী ও একমাত্র ছেলেসন্তানকে নিয়ে তিনি গাজীপুর যাচ্ছিলেন। ঘাটে ফেরি দেখে লাগেজ নিয়ে তিনি আগে ফেরিতে ওঠেন। মা ও ছেলেকে উদ্ধারের পর স্থানীয় শাহজাহান শেখের মৎস্য আড়তে কিছুক্ষণ রাখা হয়। পরে শ্বশুরবাড়ির লোকজন একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাঁদের বাড়িতে নিয়ে যান।