দৌলতদিয়া ঘাট
পন্টুনে দাঁড়িয়ে থাকছে গাড়ি, দুর্ঘটনার শঙ্কা
গত বছর ১১ মে একটি মাইক্রোবাস দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনা এড়াতে ফেরিঘাটের পন্টুনে সব ধরনের যানবাহন রাখা নিষেধ করা হয়েছে। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের পন্টুনে যানবাহন রাখা হচ্ছে। এ বিষয়ে কোনো ব্যবস্থাও নিচ্ছে না ঘাট কর্তৃপক্ষ। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া ঘাট। প্রতিদিন ঘাট দিয়ে কয়েক হাজার গাড়ি পদ্মা পাড়ি দেয়। কে আগে ফেরিতে উঠবে, তা নিয়ে চালকদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। ঘাটে ফেরি না থাকলেও অনেক চালক গাড়ি নিয়ে পন্টুনে অপেক্ষা করতে থাকেন।
পন্টুনে যানবাহন থাকলে ফেরি থেকে যানবাহন নামতে সমস্যায় পড়ে। এ ছাড়া পন্টুন থেকে যানবাহন নদীতে পড়া যাওয়ারও আশঙ্কা থাকে। গত বছর ১১ মে একটি মাইক্রোবাস দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। ওই দিন দুপুরে বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজ মাইক্রোবাসটি উদ্ধার করে। দুই দিন পর কয়েক কিলোমিটার ভাটিতে বাহির চর দৌলতদিয়া থেকে চালকের লাশ উদ্ধার করা হয়।
কিন্তু দুর্ঘটনার আশঙ্কা থাকলেও এখনো পন্টুনে যানবাহন রাখা হচ্ছে। গত শুক্রবার দুপুরে ৫ নম্বর ঘাটে গিয়ে দেখা যায়, একটি রো রো ফেরি ঘাট ছেড়ে যাচ্ছে। সেখানে আর কোনো ফেরি নেই। কিন্তু পন্টুনে ৪-৫টি ব্যক্তিগত গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রায় ১৫ মিনিট পর ঘাটের ডাউনের পকেটে একটি বড় ফেরি এসে ভেড়ে। ফেরি থেকে গাড়ি নামার পর পন্টুন ও সংযোগ সড়কে গাড়ির জট থাকায় নামতে পারছিল না। এতেও আরও বেশ কিছু সময় পন্টুনেই জট বেঁধে যায়। গাড়ি আনলোড হতে অনেক বেগ পোহাতে হয়।
৫ নম্বর ঘাটের পন্টুনে অপেক্ষমাণ গোপালগঞ্জ থেকে আসা স্টারলাইন নামের একটি পরিবহনের চালক ইমরান খান বলেন, ‘ঘাটে বড় ফেরি দেখে দ্রুত পন্টুনে গাড়ি নামিয়ে দিই। পন্টুনে আসতেই ডালা তুলে ফেরি ঘাট ছেড়ে দেয়। সামনে কয়েকটি ছোট গাড়ি থাকায় ফেরিতে উঠতে পারিনি।’ পন্টুনে থাকা ঝুঁকিপূর্ণ কি না, জানতে চাইলে ইমরান খান বলেন, ‘পন্টুনে গাড়ি রাখা অবশ্যই ঝুঁকিপূর্ণ। আমাদের ভুল হয়েছে।’
পন্টুন থেকে মাইক্রোবাস নদীতে পড়ে চালকের মৃত্যুর বিষয়টি জানেন সাতক্ষীরা থেকে আসা ব্যক্তিগত গাড়ির চালক শফিকুল ইসলাম। তারপরও কেন গাড়ি নিয়ে পন্টুনে দাঁড়িয়ে আছেন, এমন প্রশ্নের জবাবে শফিকুল বলেন, ‘আমার সামনে আরও দু–তিনটি প্রাইভেটকার ছিল। তাদের পেছনে আমিও ছুটে এসেছি।’
পন্টুনের দায়িত্বরত শ্রমিক ইউনুস হোসেন বলেন, ঘাটে ফেরি না থাকলেও কিছু চালক কোনো কিছুর তোয়াক্কা না করেই সরাসরি পন্টুনে চলে আসেন। বাধা দিতে গেলে উল্টো তাঁরা ঝামেলা করেন।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সৈয়দ জাকির হোসেন বলেন, কিছু ব্যক্তিগত গাড়ির চালক কিছু না মেনে পন্টুনে দাঁড়ান। কথা না শুনলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।