পপুলার লাইফ ইনস্যুরেন্সের নিরাপত্তা কর্মকর্তা হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

ঢাকার সাভারে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ফজলুল হক হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রোববার আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার তিনজন হলেন পাবনার মাসুম শেখ (৩৫) ও আবদুর রব মিয়া (৪২) এবং খুলনার মোহাম্মদ জনি (৩২)। ডিবি পুলিশের দাবি, গত শনিবার রাতে পাবনা ও রাজধানীর মিরপুর থেকে মাসুম, রব ও জনিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা রাজধানীর মিরপুরে থেকে অপহরণ, হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে আসছিলেন বলে পুলিশের দাবি।

গতকাল ডিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফজলুল হকের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাতরাসিন শশীনারা গ্রামে। তিনি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে তিনি শিবালয়ের উথুলি বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এ সময় মাসুম, রব ও জনি একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে এসে ওই স্ট্যান্ডে থামিয়ে ফজলুলের গন্তব্য জানতে চান। তিনি তাঁর গন্তব্যের কথা জানালে ওই গাড়িতে তুলে ঢাকার দিকে রওনা দেয় গাড়িটি।

কিছু দূর যাওয়ার পর ফজলুল ছিনতাইকারীদের কবলে পড়ার বিষয়টি বুঝতে পেরে চিৎকার করতে থাকেন। এ সময় ছিনতাইকারীরা তাঁর হাত-পা বেঁধে চোখে কালো চশমা পরিয়ে দেন। তিনি গাড়ি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর সাভারের কমলাপুর এলাকায় রাস্তার পাশে তাঁর লাশ ফেলে পালিয়ে যান তাঁরা। খবর পেয়ে পুলিশ পরের দিন ২৪ জানুয়ারি সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরের দিন ফজলুল হকের স্ত্রী রাবেয়া বেগম সাভার থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করতে দেওয়া হয় ডিবিকে।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ পরিদর্শক নাজমুল হাসান বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ ও টাঙ্গাইলের বিভিন্ন স্ট্যান্ড থেকে ব্যক্তিগত গাড়িতে যাত্রী তুলে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার লুটে নিতেন। এরপর যাত্রীদের জিম্মি করে বিকাশের মাধ্যমে তাঁদের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেন। কেউ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁকে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে দিতেন।