পরকীয়ার জেরে খুনি ভাড়া করে প্রতিবেশীকে হত্যা করেন প্রবাসী: পুলিশ
নাটোরে পরকীয়ার জেরে ভাড়াটিয়া খুনি দিয়ে ভ্যানচালক আবদুর রহিমকে খুন করেন প্রতিবেশী মালয়েশিয়াপ্রবাসী মো. রায়হান। আবদুর রহিমের স্ত্রীর সঙ্গে তাঁর পরকীয়ার সম্পর্ক ছিল। এ ছাড়া তাঁর কাছে জমি বন্ধক বাবদ আবদুর রহিম দুই লাখ টাকা পেতেন। এসব কারণে ১০ হাজার টাকার বিনিময়ে ভাড়াটিয়া খুনি দিয়ে আবদুর রহিমকে খুনের পরিকল্পনা করেন রায়হান।
২৫ মে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুরের একটি ভুট্টাখেত থেকে ভ্যানচালক আবদুর রহিমের লাশ উদ্ধার করা হয়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মহসিন আলী।
পুলিশ সুপার জানান, ২৪ মে সন্ধ্যায় আবদুর রহিম ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু বাড়িতে ফিরে না আসায় তাঁর স্বজনেরা খোঁজাখুঁজি করার একপর্যায়ে রাত একটার দিকে নাজিরপুরের একটি ভুট্টাখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ ও হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ অনুসন্ধানে নামে। পুলিশ মুঠোফোন নম্বর ট্র্যাকিং করে মালয়েশিয়ার একটি সন্দেহভাজন ফোন নম্বরের সন্ধান পায়। এর সূত্র ধরে পুলিশ একই এলাকার মো. বিপ্লব (৩৫), হান্নান সরকার (৪১) ও লিটন সরকার নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে।
মহসিন আলী বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা পুলিশকে জানিয়েছেন, নিহত ভ্যানচালকের প্রতিবেশী মালয়েশিয়াপ্রবাসী মো. রায়হানের নির্দেশে ১০ হাজার টাকার বিনিময়ে তাঁরা আবদুর রহিমকে খুন করেছেন। মো. রায়হানের সঙ্গে ওই ভ্যানচালকের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক ছিল। এ ছাড়া জমি বন্ধক বাবদ রায়হানের কাছে দুই লাখ টাকা পেতেন ওই ভ্যানচালক। এসব কারণে তিনি মুঠোফোনে তাঁদের ভাড়া করেন। পরিকল্পিতভাবে তাঁরা আবদুর রহিমকে ঘটনাস্থলে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার বিপ্লব গতকাল সোমবার ও হান্নান আজ বড়াইগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সিংড়া-গুরুদাসপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জামিল আহমেদ উপস্থিত ছিলেন।