পরকীয়ার জেরে ছোড়া রাসায়নিক পদার্থে দগ্ধ বন্ধুর মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

ফরিদপুরে পরকীয়ার জেরে এক বন্ধুর ছোড়া রাসায়নিক পদার্থে অপর বন্ধুর মুখমণ্ডল দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর মহল্লায় এই ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তির নাম রানা (৩৬)। তিনি শহরের মধ্য আলীপুর এলাকার বাসিন্দা। এলাকায় তিনি ‘টোকাই রানা’ হিসেবে পরিচিত। অভিযুক্ত রিপন (৩৬) তাঁর বন্ধু। তিনিও একই এলাকার বাসিন্দা। এলাকায় তিনি ‘টাকি রিপন’ নামে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রানা ও রিপন দুই বন্ধু মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। সম্প্রতি মাদক মামলায় দুজনই কারাগারে ছিলেন। রানা আগে জামিনে বের হয়ে রিপনের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়ান। রিপন কারাগার থেকে বের হয়ে বিষয়টি জানতে পারেন। গতকাল রাতে রিপন মুঠোফোনে কল করে রানাকে গুহলক্ষ্মীপুর মহল্লায় ডেকে আনেন। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন রাসায়নিক পদার্থ রানার মুখে ছুড়ে মারেন। এতে তাঁর মুখমণ্ডল দগ্ধ হয়। এ সময় রানার চিৎকারে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান।

হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক রতন সাহা প্রথম আলোকে বলেন, রাসায়নিক পদার্থে দগ্ধ হয়ে রানা নামের একজনের গতকাল রাতে হাসপাতালে ভর্তি হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে আজ রোববার দুপুরে তিনি চিকিৎসার ফাইলপত্রসহ হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, পরকীয়ার জেরে রিপন তাঁর বন্ধু রানার মুখে রাসায়নিক পদার্থ নিক্ষেপ করেছেন বলে তিনি জেনেছেন। দুজনের নামেই মাদকসহ একাধিক মামলা আছে। তবে এ ঘটনায় আজ বেলা তিনটা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।