অবৈধ সম্পর্কের বলি স্বামী, স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার
প্রতীকী ছবি


সাড়ে পাঁচ বছর আগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আবু বক্কর মণ্ডল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর স্ত্রী ও আরেক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির মঙ্গলবার দুপুরে এ দণ্ড দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আছিয়া খাতুন (৪১) ও রমজান আলী (৪২)।

মামলার বিবরণের বরাত দিয়ে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুর রহমান প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে আছিয়া খাতুনের সঙ্গে অনৈতিক সম্পর্ক করার একপর্যায়ে তাঁকে বিয়ের প্রস্তাব দেন রমজান আলী। কিন্তু আছিয়া খাতুন তাঁর স্বামী আবু বক্কর মণ্ডল জীবিত থাকতে বিয়ে করতে পারবেন না বলে জানান। একপর্যায়ে তাঁদের বাধা দূর করতে আবু বক্করকে হত্যার পরিকল্পনা করেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী ২০১৬ সালের ১ জুন সন্ধ্যায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তাঁরা।

আইনজীবী আবদুর রহমান আরও জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আবু হানিফ বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা করেন। মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত।