চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার ১৮তম সাক্ষী মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহির হোসেনকে জেরা অব্যাহত রয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তাঁকে জেরা করা হয়। পরে আদালত আগামী রোববার পরবর্তী দিন ধার্য রাখেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে জানান, প্রধান আসামি শাহ সেলিম টিপুর পক্ষে তাঁর আইনজীবী কফিল উদ্দিন সাক্ষীকে গত সোমবার থেকে জেরা শুরু করেছেন। বুধবার জেরাকালে হিমাদ্রীকে উচ্ছৃঙ্খল তরুণ উল্লেখ করে বাসায় থাকতেন না বলে দাবি করেন আসামির আইনজীবী। ঘটনার দিন হিমাদ্রী তাঁর বাসা থেকে এসেছিলেন নাকি অন্য কোথাও থেকে এসেছিলেন তা তদন্ত করেছেন কি না, সাক্ষীর কাছে জানতে চাওয়া হয়। উত্তরে সাক্ষী বলেন, তা তদন্ত করা হয়নি। হিমাদ্রী বাসায় থাকতেন।
এ ছাড়া হিমাদ্রী তিনটি মুঠোফোন ব্যবহার করতেন দাবি করে এগুলো জব্দ করা হয়েছে কি না, তাও জানতে চাওয়া হয়। উত্তরে তদন্ত কর্মকর্তা বলেন, তিনটি নয়, একটি মুঠোফোন ব্যবহার করতেন হিমাদ্রী। পরে জেরা মুলতবি করে আগামী রোববার পরবর্তী দিন ধার্য রাখেন আদালত।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় মোট ১৮ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।