পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সেপ্টেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) সভা আগামী সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। ঢাকার এক জ্যেষ্ঠ কূটনীতিক গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ১৯ ও ২০ সেপ্টেম্বর দিল্লি সফর করবেন।
জেসিসির তৃতীয় বৈঠকের প্রস্তুতি উপলক্ষে গতকাল সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকের আগে দুই দেশের সম্পর্ক কোন পর্যায়ে আছে এবং ভবিষ্যতে সহযোগিতা কোন কোন ক্ষেত্রে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী জেসিসিতে আলোচনা করবেন।
গতকালের সভায় উপস্থিত এক কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, আন্তমন্ত্রণালয় সভায় বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, পানিসম্পদ, নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, উন্নয়ন সহযোগিতা, পরিবেশ, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতি বিনিময় এবং দুই দেশের জনগণের যোগাযোগ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে।