পরলোকে আদিবাসী লেখক বীর কুমার তঞ্চঙ্গ্যা
পার্বত্য চট্টগ্রামের আদিবাসী লেখক বীর কুমার তঞ্চঙ্গ্যা (৮০) গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাঙামাটি শহরের দক্ষিণ কালিন্দীপুরের নিজ বাসভবনে পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বীর কুমার তঞ্চঙ্গ্যা প্রবন্ধ, গল্প, কবিতা, নাটক, রূপকথা ও গান লিখে পার্বত্য চট্টগ্রামের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনকে আলোকিত করেছেন। তিনি সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ২০০১ সালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মাননা লাভ করেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বীর কুমার চাকমার হাতে ওই সম্মাননা তুলে দিয়েছিলেন। এ ছাড়াও চট্টগ্রামের অবসর সাংস্কৃতিক গোষ্ঠী, জুম ঈসথেটিকস কাউন্সিল, বিঝু উদ্যাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বীর কুমার তঞ্চঙ্গ্যাকে পুরস্কৃত করা হয়।
বীর কুমার তঞ্চঙ্গ্যা ১৯৩৪ সালের ১২ এপ্রিল রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার কুতুবদিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।