পরশুরামে পিকআপের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফেনীর পরশুরামে বালুভর্তি পিকআপের চাকায় পিষ্ট হয়ে মো. শাওন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী গ্রামের দিনমজুর আবদুল হান্নানের ছেলে। পূর্ব সাহেবনগর ঘাটঘর হোসানিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন পিকআপের চালক মো. হারুনকে (৪০) আটক করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করেছেন। সঙ্গে পিকআপটিও জব্দ করা হয়েছে।

স্থানীয় লোকজন পিকআপের চালক মো. হারুনকে (৪০) আটক করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মুহুরী নদীর কাউতলী বালুঘাট থেকে বালু বোঝাই করে পিকআপটি পরশুরাম উপজেলা সদরের দিকে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে পথে পূর্ব সাহেবনগর স্টিল ব্রিজের ওপরে ওঠার সময় হঠাৎ পিকআপটি পেছনের দিকে চলে আসে। এ সময় শাওন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। মুহূর্তেই পিকআপটির পেছনের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলে মারা যায়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়ির চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।