পরশুরামে ভাতিজাকে হত্যার অপরাধে চাচির যাবজ্জীবন
ফেনীতে তিন বছরের এক শিশুকে হত্যার দায়ে আর্জিনা আক্তার (৩৫) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ওই নারী সম্পর্কে শিশুটির চাচি। তিনি ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মাওলানা আবুল বশরের স্ত্রী। আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ বেগম জেবুন নেছা এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি আর্জিনা আক্তার আদালতে উপস্থিত ছিলেন। ফেনী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহম্মদ রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, আসামিকে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মামলার বিবরণী ও আদালত সূত্রে জানা যায়, পরশুরামের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মাওলানা আবু বক্কর ও তাঁর মেজ ভাই মাওলানা মো. আবুল বশর একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করেন। আবুল বশর ও তাঁর স্ত্রী আর্জিনা আক্তারের সঙ্গে আবু বক্করের পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিসও হয়। এতেও আর্জিনা আক্তারের সঙ্গে তাঁর ভাশুরের পরিবারের সম্পর্কের উন্নতি হয়নি।
ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০১৯ সালের অক্টোবরের মাঝামাঝি একদিন ভাশুর আবু বক্করের তিন বছর বয়সী ছেলে মো. তরিকুল ইসলাম বাড়ির উঠানে খেলাধুলা করাকে কেন্দ্র করে আর্জিনা আক্তারের সঙ্গে ওই শিশুর মায়ের ঝগড়া হয়। ওই বছর ২১ নভেম্বর সন্ধ্যায় আবু বক্কর তাঁর ছেলে তরিকুল ইসলামকে বাড়ির উঠানে রেখে মসজিদে নামাজ পড়তে যান। ফিরে এসে ছেলেটিকে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির সীমানাপ্রাচীরের বাইরে জমির আইলে শিশু তরিকুলকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরশুরাম থানা-পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এবং থানায় একটি অপমৃত্যু মামলা করে। পরে ২৩ নভেম্বর ওই শিশুর বাবা মাওলানা আবু বক্কর বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন।
ময়নাতদন্ত প্রতিবেদনে শিশুর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। তদন্ত চলাকালেই আর্জিনা আক্তারকে গ্রেপ্তারের পর তিনি ২৪ নভেম্বর ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা শিশু তরিকুল হত্যার ঘটনায় চাচি আর্জিনা আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২০ সালের ১০ ডিসেম্বর ফেনী জেলা ও দায়রা জজ আদালতে আর্জিনা আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালতে মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।