মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেলার মানচিত্র

ফেনীর পরশুরামে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে বক্সমাহমুদ ইউপির বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তাঁর কাছ থেকে মনোনয়ন ফরম ছিনতাইয়েরও চেষ্টা করেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। শুধু তা–ই নয়, কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে আবারও তাঁর বাড়িতে গিয়ে একই লোকজন পুনরায় হামলা ও বসতঘর ভাঙচুরের চেষ্টা করেন।

এ ঘটনায় জাকির হোসেন চৌধুরী বাদী হয়ে আজ সোমবার সকালে পরশুরাম থানায় একটি মামলা করেছেন। মামলার আসামিদের মধ্যে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা রয়েছেন।

জাকির হোসেন চৌধুরী পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। ২০১৬ সালের ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হন। আসন্ন ইউপি নির্বাচনে দল তাঁকে মনোনয়ন দেয়নি। এ বছর ওই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর ভূঞা।

জাকির হোসেন চৌধুরী ২০১৬ সালের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হন। এবার দল তাঁকে মনোনয়ন দেয়নি। তাঁর ওপর হামলায় স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা ছিল বলে তিনি জানিয়েছেন।

পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নসহ উপজেলার তিনটি ইউপি নির্বাচনে আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ২৮ নভেম্বর ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জাকির হোসেন চৌধুরী রোববার দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন। রাত সাড়ে ১০টার দিকে তিনি মনোনয়ন ফরম নিয়ে তাঁর স্ত্রীসহ সিএনজিচালিত অটোরিকশায় করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে গুথুমা তাজুলের বাড়ির সামনে মো. জনি (২৫), মো. রনি, মো. ইয়াছিনসহ ১৫-২০ জন স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মী তাঁর অটোরিকশার গতিরোধ করেন। ওই যুবকেরা চেয়ারম্যান জাকিরকে মারধর করেন। কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে আবারও তাঁর বাড়িতে গিয়ে তাঁর ওপর হামলা ও বসতঘর ভাঙচুরের চেষ্টা করেন। বাড়ির ও আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যান।

এ ঘটনায় জাকির হোসেন চৌধুরী বাদী হয়ে মো. জনিসহ ছয়জনের নাম উল্লেখ ও ১৪-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে পরশুরাম মডেল থানায় মামলা করেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ খালেদ হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরুর পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।