পরশুরামে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গাজীপুর থেকে গ্রেপ্তার
ফেনীর পরশুরাম উপজেলায় হত্যা মামলায় মির্জানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরের টঙ্গীর চেরাগআলী থেকে গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার সকালে নুরুজ্জামানকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়। গত ২৩ ডিসেম্বর পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাহীন চৌধুরী নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় তাঁর স্ত্রী ফিরোজা বেগম পরশুরাম থানায় চেয়ারম্যান নুরুজ্জামানসহ পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
র্যাব-৭–এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোকানের কর্মচারী হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানকে গাজীপুর জেলার টঙ্গীর চেরাগআলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নামে পরশুরাম থানায় একটি হত্যা মামলাসহ দুটি মামলা রয়েছে।
পরশুরাম থানা সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর পরশুরামের দক্ষিণ কোলাপাড়া এলাকায় শাহজালাল বেকারির পাশে শাহীন চৌধুরীকে পিটিয়ে হত্যা করা হয়। মামলা করার পর পুলিশ হত্যার ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া একজন সাক্ষীও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আজ দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন বলেন, শাহীন চৌধুরী হত্যা মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি নুরুজ্জামানকে আদালতে পাঠানো হয়েছে।