পরাজিত ইউপি সদস্যের সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্যের এক সমর্থককে বুধবার পিটিয়ে হত্যা করা হয়েছে। নবনির্বাচিত ইউপি সদস্য আলম মোল্লার সমর্থকেরা তাঁকে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত ব্যক্তির নাম দুলাল সিকদার (৫৭)। তিনি হামেরদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য বাবর আলীর সমর্থক।
এ ঘটনার প্রতিবাদে বাবর আলীর সমর্থকেরা ইউপি সদস্য আলম মোল্লার অনুসারী অন্তত ২৮ জন হামলা-ভাঙচুর করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহত দুলাল সিকদার কৃষিকাজ করতেন। তিনি মনসুরাবাদ গ্রামের মৃত লাল মিয়া সিকদারের ছেলে।
দুলাল সিকদারের ভাই শহীদুল সিকদার বলেন, বুধবার বিকেল ৪টার দিকে তাঁর ভাই নামাজ পড়ে মনসুরাবাদ বাজার এলাকায় যান। এ সময় প্রতিপক্ষ নবনির্বাচিত ইউপি সদস্য আলম মোল্লার সমর্থকেরা তাঁর ভাই দুলালকে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি লঠি দিয়ে পেটাতে থাকেন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মঈনুদ্দিন বলেন, দুলাল সিকদারকে স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় আনা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুলাল সিকদারের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে সাবেক ইউপি সদস্য বাবর আলীর সমর্থকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সংঘবদ্ধ হয়ে বর্তমান ইউপি সদস্য আলম মোল্লার সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান। এ সময় আলম মোল্লার অন্তত ২৮ সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মনসুরাবাদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবর আলী ও আলম মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। আগে ইউপির সদস্য ছিলেন বাবর আলী। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় দফার ইউপি নির্বাচনে বাবর আলী ৮৮ ভোটের ব্যবধানে আলম মোল্লার কাছে পরাজিত হন। এরপর থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। এর জের ধরে মঙ্গলবার সকাল সাতটার দিকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে নারীসহ ২৩ জন আহত হন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, দুলাল সিকদার প্রতিপক্ষের মারপিটে আহত হয়ে মারা গেছেন বলে দাবি করা হয়েছে। তিনি বলেন, দুলাল সিকদারের মৃত্যুর খবর পেয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও বলেন, মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষ এবং বুধবারের মৃত্যু ও বাড়িঘরে হামলার ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। সেলিম রেজা বলেন, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।