বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দেরিতে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে হামলা ও সহিংসতার ঘটনায় চেয়ারম্যান পদে পরাজিত দুই প্রার্থীসহ ৫২ জনের নামে মামলা হয়েছে। ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় গতকাল শুক্রবার মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০০ জনকে।
মামলায় গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের ভরিয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ হামলার অভিযোগ আনা হয়েছে।
মামলায় দেউলী ইউনিয়নে চশমা প্রতীকে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী ও বিএনপি নেতা মোতাসিম বিল্লা এবং একই ইউনিয়নে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী পরাজিত প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী সাজ্জাদ হোসেন ওরফে টুটুলকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা অন্যরা এ দুজনের কর্মী-সমর্থক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দেউলী ইউনিয়নের ভরিয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সন্ধ্যায় হামলা চালিয়ে প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ, আনসারসহ ভোট গ্রহণের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবরুদ্ধ করার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁদের উদ্ধার করে। বিক্ষুব্ধ জনগণকে ছত্রভঙ্গ করতে পুলিশ ২০৫টি ফাঁকা গুলি ছোড়ে। হামলায় ১০ লাখ টাকার সরকারি সম্পদের ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম মামলার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।