পরিচিত ছিলেন ‘ডাকাত শরীফ’ নামে, নিখোঁজের পর মিলল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীফ মিয়া
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে শরীফ মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে উপজেলার সাধারচর ইউনিয়নের কালোয়ারকান্দা গ্রামের একটি জমি থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করেছে শিবপুর থানা-পুলিশ। তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা কেউ বলতে পারছেন না।

শরীফ মিয়ার বাড়ি শিবপুরের সাধারচর ইউনিয়নের তাতেরকান্দী গ্রামে। স্থানীয় লোকজন ও নিহত শরীফের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়েছিলেন শরীফ। রাতে বাড়িতে আর না ফেরায় আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে কালোয়ারকান্দা গ্রামের একটি জমিতে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়।

এ সময় শরীফের মুখমণ্ডল ধারালো কিছুর আঘাতে ক্ষতবিক্ষত ও গলাকাটা অবস্থায় ছিল। পরে শিবপুর থানায় এ খবর জানানো হলে ভোর চারটার দিকে ঘটনাস্থলে যান উপপরিদর্শক মোক্তার হোসেন। পরে তাঁর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন তিনি। লাশের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, শরীফ মিয়া তাঁর এলাকায় ‘ডাকাত শরীফ’ নামে পরিচিত ছিলেন। তাঁর নামে হত্যা, ডাকাতি, বিস্ফোরকসহ অন্তত পাঁচটি মামলা আছে। ২০১৮ সালে শিবপুরের বন্যার বাজার এলাকায় মকবুল ডাকাত হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগপত্রভুক্ত আসামি তিনি। তবে কে বা কারা ঠিক কি কারণে তাঁকে এমনভাবে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ব্যক্তির ছোট ভাই জুয়েল মিয়া বলেন, শরীফের সঙ্গে কারও কোনো শত্রুতা আছে—এমন খবর তাঁর জানা নেই। কোনো প্রকার ক্ষোভ থেকেই তাঁকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের পর তিনি শুনেছেন তাঁর ভাইয়ের নামে ডাকাতি ও হত্যার একাধিক মামলা আছে। এর আগে কখনো তাঁর বিরুদ্ধের এসব মামলার কথা পরিবারের সদস্যরা শোনেননি।

এদিকে শিবপুরের সাধারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাছিহুল গনি জানিয়েছেন, তিনি শুনেছেন, তাঁকে (শরীফ) ফোন করে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়েছিল। হত্যার কায়দাটা বেশ নৃশংস। আর শিবপুর থানার উপপরিদর্শক মোক্তার হোসেন জানিয়েছেন, হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।