বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দীনকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর দল।

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী এ অভিযোগ করেন। ২৪ ঘণ্টার মধ্যে মহিউদ্দীনকে পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে জাফরুল ইসলাম চৌধুরী বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টায় রাজধানীর আরামবাগ এলাকার একটি বাস কাউন্টার থেকে মহিউদ্দীনকে তুলে নেওয়া হয়। ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার জন্য তিনি ওই বাস কাউন্টারে গিয়েছিলেন। তখন মহিউদ্দীনের সঙ্গে তাঁর এক বন্ধু ছিলেন। মহিউদ্দীনকে তুলে নেওয়ার সময় সাদাপোশাকের লোকজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। মুঠোফোনে মহিউদ্দীনকে তুলে নেওয়ার খবর পাওয়ার পর অনেক জায়গায় খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আপনাদের (সাংবাদিক) মাধ্যমে আমরা দেশবাসীর কাছে তাঁর গুম হওয়ার বিষয়টি তুলে ধরছি। আমরা প্রশাসনকে আহ্বান জানাই, ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে যেন পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিংবা তাঁর বিরুদ্ধে কোনো মামলা হলে আদালতে ​যেন তাঁকে হাজির করা হয়। আমাদের আইনজীবী সেই মামলা মোকাবিলা করবেন। তবে আমার জানামতে মহিউদ্দীনের বিরুদ্ধে কোনো মামলা নেই।’ তিনি আরও বলেন, পরিবারের প্রধানকে গুম করা হলে সেটা কত যে মর্মান্তিক এবং সংশ্লিষ্ট পরিবারের কী করুণ পরিণতি হয়, তা কেবল ভুক্তভোগী ব্যক্তিরা বোঝেন। ইলিয়াছ আলীকে গুম করা হয়েছে। কিছুদিন আগে চট্টগ্রামে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নুরুর লাশ পাওয়া গেছে। দেশের এই অবস্থায় কেউ নীরব থাকতে পারে না। দেশবাসী এসব ঘটনায় উদ্বিগ্ন।’

এক প্রশ্নের জবাবে জাফরুল ইসলাম চৌধুরী বলেন, কেন্দ্রীয়ভাবে এই ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে। কেন্দ্র থেকে কর্মসূচি দেওয়া হবে। ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মহিউদ্দীনকে ফেরত না দিলে কর্মসূচি ঘোষণা করা হবে।

জাফরুল ইসলাম চৌধুরী বলেন, মহিউদ্দীনকে তুলে নেওয়ার ঘটনায় চট্টগ্রামের পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাঁচলাইশ এলাকায় মহিউদ্দীন বাস করেন, তাই ওই থানায় জিডি করা হয়েছে। তবে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘আজ দুপুর ১২টায় বিএনপির ২০-২৫ জন লোক এসে আমার থানায় জিডি করতে চেয়েছিলেন। কিন্তু ঘটনাস্থল ঢাকার আরামবাগ এলাকা।...তাই তাঁদের জিডি নেওয়া হয়নি।’