পরিত্যক্ত ঘরে শিকলবন্দী শিল্পী পুড়ে মরলেন আগুনে
মাদারীপুরের শিবচর উপজেলায় আগুনে পুড়ে মানসিক প্রতিবন্ধী এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শিবচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তালুকদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই নারীর নাম শিল্পী বেগম (৩৭)। তিনি তালুকদারকান্দি এলাকার আবদুল বারেক তালুকদারের মেয়ে। বেশ কয়েক বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিকভাবে শিল্পী বেগম বেশ কিছুদিন ধরে বিপর্যস্ত ছিলেন। মাঝে মাঝে নিজ পরিবার ও এলাকার লোকজনকে গালিগালাজ করতেন। কয়েক দিন ধরে তাঁকে বাড়ির একটি পরিত্যক্ত ঘরে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। শুক্রবার রাতে ওই পরিত্যক্ত ঘরে হঠাৎ অগ্নিকাণ্ডে তাঁর মৃত্যু হয়।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শ্যামল বিশ্বাস বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল যেতে না যেতেই আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই ঘরে থাকা এক নারী আগুনে পুড়ে মারা গেছেন। তাঁর লাশটি উদ্ধার করে শিবচর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।