পরিত্যক্ত পুকুরে খেলার সময় মানবকঙ্কাল দেখল শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুর সদর উপজেলার পরিত্যক্ত একটি পুকুর থেকে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার বাঘের বাজার এলাকায় লিথী গ্রুপের জমির পাশের পরিত্যক্ত ওই পুকুরে শিশুরা খেলা করার সময় কঙ্কালটি দেখতে পায়। এরপর পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। তবে কঙ্কালটি নারী না পুরুষের, তা শনাক্ত করা যায়নি।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বেলা দুইটার দিকে বাঘের বাজার এলাকায় ওই পুকুরের পাশের মাঠে শিশুরা খেলা করছিল। এ সময় ছড়িয়ে-ছিটিয়ে থাকা মাথার খুলি, হাড়সহ কঙ্কালটি দেখতে পায় তারা। এ খবর জানার পর স্থানীয় লোকজন বিষয়টি জয়দেবপুর থানা-পুলিশকে জানান। পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ আহমদ ওয়াকিল বলেন, কঙ্কালটির পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য এটির ডিএনএ পরীক্ষা করা হবে। এ জন্য কঙ্কালটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

আশপাশের এলাকার কেউ নিখোঁজ আছেন কি না, সে বিষয়ে পুলিশ খোঁজ নিতে শুরু করেছে বলেও জানিয়েছেন ওসি।