পরিত্যক্ত শয্যায় আগুন, হবিগঞ্জ সদর হাসপাতালে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

হবিগঞ্জের ২৫০ শয্যার জেলা সদর হাসপাতাল বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে। আজ সোমবার রাতে হাসপাতালের ছাদে একটি পরিত্যক্ত শয্যায় আগুন ধরে গেলে পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগী ও তাদের আত্মীয়স্বজন তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অন্তত চার–পাঁচজন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত আটটায় এ আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে হবিগঞ্জের ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের ছাদে পরিত্যক্ত একটি বেড আগুনে পুড়তে দেখেন আশপাশের লোকজন। কে বা কারা সিগারেট খেয়ে ছাদে ফেলে দিলে বেডে আগুন ধরে যায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে। বিভিন্ন ওয়ার্ডের রোগী ও তাদের আত্মীয়স্বজন তাড়াহুড়ো করে বিছানা-বালিশ নিয়ে বের হতে চাইলে হুলুস্থুল পড়ে যায়। অনেকেই বের হতে গিয়ে তাড়াহুড়োতে আঘাত পায়। চার–পাঁচজন আহত হন।

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১৫ মিনিটেই এ আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আসায় কয়েক শ রোগী রক্ষা পেয়েছে বড় দুর্ঘটনা থেকে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তেমন ক্ষতি না হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতাল।