পরিবর্তনের ঝুঁকি কমাতে নিজস্ব অভিযোজন কৌশলের ঘাটতি আছে

আজ ২১ মার্চ বিশ্ব বন দিবস। দিবসটি উপলক্ষে প্রথম আলো কথা বলেছে বন গবেষক অধ্যাপক মো. আলমগীর কবিরের সঙ্গে। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান। দেশি-বিদেশি জার্নালে তাঁর ৩৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

প্রথম আলো: বিশ্বজুড়ে প্রতিবছর যে পরিমাণ বন উজাড় হচ্ছে, তার তুলনায় বাংলাদেশে বেশি হচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসাবে, বিশ্বব্যাপী ২০০০ থেকে ২০১৫ সালে ১ দশমিক ৪ শতাংশ বন উজাড় হয়েছে। বাংলাদেশে তা ২ দশমিক ৬ শতাংশ। দেশে বছরে ২ হাজার ৬০০ হেক্টর বন উজাড় হয়। বন রক্ষা ও সম্প্রসারণে আমাদের কী উদ্যোগ নেওয়া উচিত?

আলমগীর কবির: বন রক্ষার জন্য বন আইনের জোরালো প্রয়োগ করতে হবে। দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ও নীতিনির্ধারকদের অবশ্যই বন রক্ষায় জোরালো ও আন্তরিক অঙ্গীকার থাকতে হবে। বন ও বনজ সম্পদ ধ্বংসকারী কর্মকাণ্ডের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। দেশের জমির স্বল্পতা বিবেচনায় বন সম্প্রসারণের ক্ষেত্রে টেরিটোরিয়াল ফরেস্টের ভেতরে ফাঁকা জায়গায় ও ন্যাড়া পাহাড়গুলোয় উপযুক্ত প্রজাতির গাছ লাগিয়ে দ্রুত বন আচ্ছাদনের আওতায় নিয়ে আসতে হবে। নতুন বনায়নের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সামাজিক বনায়নের আওতায় অ্যাগ্রোফরেস্ট্রি প্রযুক্তি প্রয়োগ করতে হবে।

প্রশ্ন :

প্রথম আলো: দেশে মোট বনভূমির পরিমাণ ৪৬ লাখ ৪৬ হাজার ৭০০ একর। সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বন বিভাগের উপস্থাপিত এক প্রতিবেদন অনুযায়ী, দেশে ২ লাখ ৫৭ হাজার ১৫৮ একর বনভূমি দখল হয়ে গেছে। এই প্রবণতা রোধে করণীয় কী?

আলমগীর কবির: বনভূমির দখল রোধে বনসংলগ্ন এলাকায় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, ইটভাটাসহ সব ধরনের অবকাঠামো নির্মাণ নিরুৎসাহিত করতে হবে। বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মতো যত গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেন, কোনো অবস্থাতেই সরকারি বনভূমি এসব কাজে ইজারা দেওয়া যাবে না। বেদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারে স্থানীয় জনগণকে অন্তর্ভুক্ত করে সামাজিক বনায়ন কর্মসূচি হাতে নিতে হবে।

প্রশ্ন :

প্রথম আলো: বাজারে বনজ সম্পদের চাহিদা ও দাম বেশি থাকায় মুনাফার লোভে একশ্রেণির মানুষ এই কাজে যুক্ত হচ্ছে। বিকল্প কিছু করার আছে?

আলমগীর কবির: আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ বনশিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে বিত্তবান জনগোষ্ঠীকে উৎসাহিত করতে হবে। সব ক্ষেত্রে সিজনিং ও প্রিজারভেশন ট্রিটমেন্ট ছাড়া কাঠের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। তক্তা ব্যবহার না করে যে ক্ষেত্রে প্রযোজ্য সে ক্ষেত্রে প্লাইউড ও কম্পোজিট উড ব্যবহার করতে হবে। বন ও জীববৈচিত্র্যের ক্ষতি করে চুরি করে গাছ কেটে বাজারে না বিক্রি করে কুটিরশিল্প স্থাপনে স্থানীয় জনগণকে উৎসাহিত করতে হবে। স্থানীয় জনগণ বৈধভাবে যাতে কুটিরশিল্পের কাঁচামাল বন থেকে সংগ্রহ করতে পারে, সে জন্য সময়-অসময় বন বিভাগ তাদের রয়্যালটিভিত্তিক পারমিট ইস্যু করতে পারে।

প্রশ্ন :

প্রথম আলো: মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে। বাংলাদেশের উপকূলবর্তী নিচু এলাকা তলিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। বরফ গলার কারণে নতুন নতুন অণুজীব আমাদের চারপাশের পরিবেশে অবমুক্ত হচ্ছে। এ ক্ষেত্রে আমাদের প্রস্তুতি কেমন?

আলমগীর কবির: বন উজাড়ের ফলে জলবায়ু পরিবর্তন বেগবান হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট আপদগুলো আবির্ভূত হচ্ছে। বাংলাদেশ এ ক্ষেত্রে পৃথিবীর অধিকতর ঝুঁকিপূর্ণ চারটি দেশের তালিকায় আছে। তবে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে পদক্ষেপ গ্রহণ এবং নিজস্ব অভিযোজন কৌশল উদ্ভাবনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ঘাটতি রয়েছে বলে মনে করি।

প্রশ্ন :

প্রথম আলো: মানুষ ও প্রকৃতির আন্তসম্পর্কের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতার মাধ্যমে বনভূমি পুনরুদ্ধারে সরকারি-বেসরকারি উদ্যোগ কেমন?

আলমগীর কবির: বনভূমি পুনরুদ্ধারে সরকারি উদ্যোগ কিছুটা পিছিয়ে থাকলেও দেশকে সবুজায়নের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে বেসরকারি বা সাধারণ মানুষের উদ্যোগ প্রশংসনীয়। বনভূমি পুনরুদ্ধারের কাজ সরকারি পর্যায়ে ঢিলেঢালাভাবে চললেও নীরব বিপ্লব সেই আশির দশকেই শুরু হয়েছিল ব্যাপক হারে মেহগনিগাছ রোপণের মধ্য দিয়ে। বরিশাল অঞ্চলের ওপর দিয়ে হেলিকপ্টারে একবার চক্কর দিলে যে কেউ এটা উপলব্ধি করতে পারবে। সরকারি বনভূমি পুনরুদ্ধারে একটি জাতীয় টেকনিক্যাল কমিটি করা উচিত বলে মনে করি। যে কমিটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে শুধু বনায়নের জন্য বেশি বাজেট বরাদ্দের অনুরোধ জানাবে না, বরং কমিটির সদস্যরা বন ও বন ব্যবস্থাপনা বিষয়ে এবং ভূমি পুনরুদ্ধারে কারিগরি পরামর্শ দেবে।