রাজশাহীর ক্যাব নেতার সাক্ষাৎকার
পরিবহন চাঁদাবাজি বন্ধ করতে হবে, বাড়াতে হবে বাজার মনিটরিং
দেশে চাল, ডাল, তেল সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। ভরা মৌসুমেও সবজির দাম লাগামছাড়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ভোক্তাদের নাভিশ্বাস অবস্থা। এ নিয়ে প্রথম আলো কথা বলেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সঙ্গে
প্রশ্ন :
প্রথম আলো: জিনিসপত্রের দাম কি মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে?
গোলাম মোস্তফা মামুন: দ্রব্যমূল্য কোনোভাবেই ক্রয়ক্ষমতার মধ্যে নেই। এতে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। ভোক্তারা এখানে অসহায়।
প্রশ্ন :
প্রথম আলো: কেন দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আসছে না?
গোলাম মোস্তফা মামুন: একশ্রেণির অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণে আসছে না। তারা মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।
প্রশ্ন :
প্রথম আলো: কাঁচা শাকসবজি তো মজুত করা যায় না। সবজির বাজারও তো লাগামছাড়া, সেটি তাহলে কীভাবে হচ্ছে?
গোলাম মোস্তফা মামুন: সবজির ক্ষেত্রে পরিবহন খরচ বেশি হওয়ার কারণে এটা হচ্ছে। সম্প্রতি পরিবহন খরচ ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। আপনাকে দেখতে হবে যেখানে সবজির উৎপাদন হচ্ছে সেই পর্যায়ে কী দাম, আর বাজারে কী দাম। একজন কৃষক যখন এক কেজি বেগুনের দাম পান ২৫ টাকা, তখন আমাদের বাজারে কিনতে হয় ৬০ টাকায়। এই ব্যবধান কমিয়ে আনতে হবে।
প্রশ্ন :
প্রথম আলো: শীতের শেষে তো সবজির দাম পড়ে যায়। এবার সেটা হচ্ছে না কেন?
গোলাম মোস্তফা মামুন: ব্যবসায়ীরা বলবে চাহিদা বেশি, সেই তুলনায় উৎপাদন কম; এই জন্য দাম বেশি। আসলে তা না। পর্যাপ্ত সরবরাহ আছে। এটা ব্যবসায়ীদের কারসাজি। পরিবহন খরচটা ব্যাপক হারে বৃদ্ধি করেছে। পরিবহনের লোকজনকে যদি বলেন, তাহলে তাঁরা বলবেন আমাদের রাজশাহী থেকে চট্টগ্রাম পৌঁছাতে পাঁচ থেকে ছয় হাজার টাকা বাড়তি খরচ করতে হচ্ছে। রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হচ্ছে। এসব খরচ তো তাঁরা পকেট থেকে দেবেন না। সব পাবলিকের ওপরে আসছে। পরিবহন চাঁদাবাজি বন্ধ করতে হবে। সরকারকে বাজার মনিটরিং জোরদার করতে হবে।
প্রশ্ন :
প্রথম আলো: ক্যাবের পক্ষ থেকে আপনারা কী ভূমিকা রাখছেন?
গোলাম মোস্তফা মামুন: ক্যাবের পক্ষ থেকে গত মঙ্গলবার আমরা সারা বাংলাদেশে অনলাইনে নাগরিক সভা করেছি। সরকারকে ক্যাবের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে বাজার মনিটরিং জোরদার করা, মজুতদারদের আইনের আওতায় আনা, কাঁচা পণ্যের ক্ষেত্রে সুষ্ঠু বাজারজাতকরণ ব্যবস্থা কার্যকর করার অনুরোধ করা হবে।