পরিবহন ধর্মঘটে সুনামগঞ্জের যাত্রীদের ভোগান্তি চরমে
পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের নামে করা মামলা প্রত্যাহার, ট্রাফিক ও হাইওয়ে পুলিশের হয়রানি, মেয়াদোত্তীর্ণ সেতু থেকে টোল আদায় বন্ধসহ পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগে আজ সোমবার সকাল থেকে পরিবহন ধর্মঘট চলছে। এ কারণে দূরপাল্লার বাস ও সুনামগঞ্জ আন্তজেলা সড়কে সকাল থেকে কোনো বাস, ট্রাক, মাইক্রোবাস চলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
আজ বেলা ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকার বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে টিকিট কাউন্টার বন্ধ। টার্মিনালের ভেতর বাস সারি করে রাখা। কখন বাস ছাড়বে, সেই অপেক্ষায় আছেন যাত্রীরা। আবার কেউ কেউ সিএনজিচালিত অটোরিকশায় সিলেট যাওয়ার চেষ্টা করছেন।
টিকিট কাউন্টারের সামনে থাকা সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা ফখরুল ইসলাম বলেন, তিনি ব্যবসায়িক কাজে সিলেটে যাওয়ার জন্য সকালে টার্মিনালে এসে দেখেন কাউন্টার বন্ধ। বাসশ্রমিকেরা জানিয়েছেন, বাস চলবে না। আমিনুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘কখন বাস চলবে, নির্দিষ্ট করে কেউ বলছে না। তাই অপেক্ষায় আছি।’ বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামের বাসিন্দা আলাল মিয়া তাঁর মাকে চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাবেন। সকাল আটটায় বাড়ি থেকে টার্মিনালে এসেছেন। কিন্তু বাস না চলায় মাকে নিয়ে বিপাকে পড়েছেন।
টার্মিনালে আসা সদর উপজেলার ইনাতনগর গ্রামের কলেজছাত্র মিজানুর রহমান বলেন, ইদানীং সুনামগঞ্জে কথায় কথায় পরিবহন ধর্মঘট হচ্ছে। আর মানুষ পড়ছে চরম ভোগান্তিতে। সমস্যা হলে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। এ ব্যাপারে প্রশাসনের কঠোর হওয়া উচিত।
শহরের পুরোনো বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন শতাধিক দূরপাল্লার বাস ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যায়। কিন্তু ধর্মঘটের কারণে সকাল থেকে কোনো বাস যাত্রী নিয়ে যায়নি। সুনামগঞ্জে একটি দূরপাল্লার পরিবহন সংস্থার ব্যবস্থাপক বলেন, অনেক যাত্রী সকালে ঢাকা যাবেন বলে টিকিট নিয়ে রেখেছেন। কিন্তু রাতে হঠাৎ পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন।
সুনামগঞ্জে শ্যামলী পরিবহনের ব্যবস্থাপক হোসেন আহমদ বলেন, ‘আমরা সকাল থেকে বাস ছাড়িনি। যাত্রী অনেক আছে। ধর্মঘট প্রত্যাহার না হলে বাস ছাড়া যাবে না। কখন প্রত্যাহার হবে সেটিও আমরা জানি না।’
অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন বলে জানালেন সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিম। তিনি বলেন, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।